বেঙ্গালুরু: ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন শুভমান গিল। সোমবার বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার ফর এক্সেলেন্সে পৌঁছেছেন তিনি। এখানেই চলবে রিহ্যাব। সব ঠিক থাকলে সপ্তাহখানের মধ্যে ব্যাট নিয়ে প্র্যাকটিসেও নেমে পড়বেন ‘ক্যাপ্টেন’। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের রিপোর্টের উপর সবকিছু নির্ভর করছে।
ইডেন টেস্টে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ঘাড়ে চোট পেয়েছিলেন শুভমান। ৩ বল খেলেই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। পরে ভর্তি করা হয় হাসপাতালে। স্ক্যানের পর চিকিৎসকরা গিলকে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। সেই কারণে তিনি দলের সঙ্গে গুয়াহাটি গেলেও দ্বিতীয় টেস্টে খেলেননি। ফিরে গিয়েছিলেন মুম্বই। সেখানে ফিজিওথেরাপির পর অনেকটা সুস্থ বোধ করেন গিল। এরপর কয়েকদিনের জন্য পরিবারের সঙ্গে সময় কাটাতে তিনি চণ্ডীগড়ে বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে আবার বেঙ্গালুরুতে। এবার মাঠে ফেরার লড়াই।
গিল দ্রুত ফিট হয়ে ওঠার বার্তা ভারতীয় দলের পক্ষে খুবই ইতিবাচক। বিমানযাত্রায় কোনও সমস্যা হচ্ছে না। একটি ব্যক্তিগত ইভেন্টেও দেখা গিয়েছিল গিলকে। তাই মনে করা হচ্ছে, মাঠে ফেরার জন্য প্রস্তুত তিনি। তবে অনেকদিন ম্যাচ খেলেননি, তাই রিহ্যাব জরুরি। দরকার নেট সেশন। ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজের প্রথম ম্যাচ ৯ ডিসেম্বর। ভারতীয় দল এখনও ঘোষণা হয়নি। রিহ্যাবে গিল কেমন সাড়া দিচ্ছেন, সেটা দেখেই হয়তো চূড়ান্ত সিদ্ধন্ত নেওয়া হবে। ফিটনেস টেস্টে পাস করলে টি-২০ স্কোয়াডে তাঁকে অন্তর্ভুক্ত করা হতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের।
টেস্ট সিরিজে গিলের অনুপস্থিতি ভারতীয় দলকে রীতিমতো বিপাকে ফেলে। তাঁর পরিবর্ত খুঁজে পেতে হিমশিম খেয়েছিল টিম ম্যানেজমেন্ট। তবে ওডিআই সিরিজে কোহলি-রোহিতের উপস্থিতি অনেকটাই পরিস্থিতি সামাল দিয়েছে। কিন্তু টি-২০ সিরিজে গিল না খেললে সেটা টিম ইন্ডিয়ার কাছে হবে বড় চ্যালেঞ্জ। গিলের অভাব ঢাকা সহজ হবে না।