লখনউ: শুভমান গিলের অধিনায়কোচিত ১৫৪। ঈশান কিষানের আক্রমণাত্মক ১২৫। দুই শতরানকারীর দাপটে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে আফগানিস্তানকে ১৭০ রানের বড়ো ব্যবধানে হারাল ভারত। একইসঙ্গে এক ম্যাচ বাকি থাকতে তিন ম্যাচের ওডিআই সিরিজও পকেটে পুরল টিম ইন্ডিয়া (২-০)।
লখনউতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল ভারত। যশস্বী জয়সওয়াল (৪) ফেরার পর রোহিত শর্মার সঙ্গে জুটি বাঁধেন গিল। ৩৯ বলে ৪৮ করেন হিটম্যান। এরপর তৃতীয় উইকেটে ১৪১ বলে ২২৪ রান যোগ করেন গিল-ঈশান। একদিনের ক্রিকেটে এটা শুভমানের নবম সেঞ্চুরি। ১১০ বলে তিনি মারেন ২২টি চার ও ২টি ছক্কা। ঈশানের অবশ্য এটি দ্বিতীয় সেঞ্চুরি। তাঁর ৭৯ বলের ইনিংস সাজানো ১৪টি চার ও ৭টি ছক্কায়।
একসময় মনে হচ্ছিল সাড়ে চারশো পেরিয়ে যাবে ভারত। কিন্তু ঈশান ও গিল ফেরার পর থমকে যায় ইনিংস। শ্রেয়স আয়ার (২৬), লোকেশ রাহুল (০), ওয়াশিংটন সুন্দররা (১৯) হতাশ করেন। ৪৯.৫ ওভারে ৪০২ রানে থামে ভারত। নানগেইয়ালিয়া খারোতে (৪-৭৬) ও রশিদ খান (৩-৪৮) বল হাতে সফল।
৪০৩ রানের জয়ের লক্ষ্য তাড়া করে আফগানিস্তান কখনওই স্বস্তিতে ছিল না। ৪৪.৩ ওভারে তাদের ইনিংসে দাঁড়ি পড়ে (২৩২)। ভারতীয় বোলারদের মধ্যে অর্শদীপ সিং (৩-৪৫), গুরনুর ব্রার (৩-৬০), অভিষেককারী প্রিন্স যাদব (২-৫৬) সফল। সিরিজের নিয়মরক্ষার তৃতীয় ম্যাচ চেন্নাইয়ে শনিবার।