ধরমশালা: সিরিজের প্রথম একদিনের ম্যাচে আফগানিস্তানকে অনায়াসে ৭ উইকেটে হারাল ভারত। অধিনায়কোচিত ইনিংসে শনিবার শুভমান গিলই (অপরাজিত ৮৪) তফাত গড়ে দেন। বুধবার লখনউয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ করার লক্ষ্যে নামবে ‘মেন ইন ব্লু’।
ধরমশালা: সিরিজের প্রথম একদিনের ম্যাচে আফগানিস্তানকে অনায়াসে ৭ উইকেটে হারাল ভারত। অধিনায়কোচিত ইনিংসে শনিবার শুভমান গিলই (অপরাজিত ৮৪) তফাত গড়ে দেন। বুধবার লখনউয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ করার লক্ষ্যে নামবে ‘মেন ইন ব্লু’।
বৃষ্টির জন্য ২৫ ওভারে নেমে আসা ম্যাচে হাশমাতুল্লাহ শাহিদির দল তোলে ১৯৪। জবাবে ২২.৫ ওভারে লক্ষ্যে পৌঁছায় ভারত (১৯৫-৩)। ৩৯ বছর ৪৪ দিন বয়সে ভারতের প্রবীণতম ক্রিকেটার হিসেবে পুরুষদের ওডিআই ম্যাচে নামা রোহিত শর্মা (১৬) অবশ্য বড়ো রান পাননি। ঈশান কিষান (৩৪), শ্রেয়স আয়ারও (১২) দ্রুত ফেরেন। তবে গিল ছিলেন অপ্রতিরোধ্য। তাঁর ইনিংস সাজানো ১১টি চার ও ২টি ছয়ে। পাঁচে নামা লোকেশ রাহুল ১৯ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন।
তার আগে টস হেরে ব্যাট করতে নামা আফগানদের বড় রানের ভিত গড়ে দেন রহমানুল্লাহ গুরবাজ। ৫১ বলে ১০২ করেন তিনি। ভারতের বিরুদ্ধে কোনো আফগান ব্যাটারের এটাই দ্রুততম সেঞ্চুরি (৪৮ বলে)। ৮টা ছক্কা ও ৮টা চার মারেন তিনি। এই শতরানের কৃতিত্ব ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরকে দিয়েছেন গুরবাজ। তাঁর পরামর্শ কাজে লাগিয়েই এই ইনিংস বলে জানান ২৪ বছর বয়সি। কিন্তু নীতীশ রেড্ডির ইয়র্কারে তাঁর মিডল স্টাম্প ছিটকে যাওয়াই হয়ে ওঠে টার্নিং পয়েন্ট। তারপর তাসের ঘরের মতো পড়ে আফগান ইনিংস। দুই অভিষেককারী, গুরনুর ব্রার (৩-২৭) ও হর্ষ দুবে (৩-৪৭) বল হাতে সফল। অর্শদীপ সিং (২-২৭), নীতীশও (২-৩১) ভরসা দিলেন। ব্যাটের পাশাপাশি স্লিপে অনবদ্য ক্যাচ নিয়ে প্রশংসা কুড়োন গিল।