সংবাদদাতা, ঘাটাল: ঘাটাল থেকে জেলা বইমেলা সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার হচ্ছে। বুধবার এনিয়ে ঘাটাল মহকুমা প্রশাসনের কাছে স্মারকলিপি দিলেন বইপ্রেমীরা। এদিন তাঁরা প্রথমে শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে জমায়েত হয়ে প্রতিবাদ মিছিলে শামিল হন। বইমেলা ফের ঘাটালে ফিরিয়ে আনার দাবিতে সবর মহকুমাবাসী, সাহিত্যপ্রেমী ও প্রকাশকরা জানান, ঘাটালে বইমেলা না করা হলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হবেন। মিছিলের শেষে তাঁরা মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন।
Advertisement
মহকুমা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জেলা বইমেলা কোথায় হবে সেই সিদ্ধান্ত ঘাটাল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় না। তাই বইমেলা ফিরিয়ে আনার বিষয়টি মহকুমা প্রশাসনের হাতে নেই। স্মারকলিপি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।



