সংবাদদাতা, ঘাটাল: ঘাটাল মহকুমার বেশ কয়েকটি সমবায়ে অনিয়ম চলছে। এনিয়ে শাসকদল ও তাদের জনপ্রতিনিধিরা উদ্বিগ্ন। এভাবে আর চলতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিস হুদাইত। মঙ্গলবার দাসপুর-১ ব্লকের হরিরামপুরে সমবায় সপ্তাহের অনুষ্ঠানে তিনি অংশ নেন। সেখানে আশিসবাবু বলেন, জনগণের টাকা তছরুপ, রক্ষকদের ভক্ষক হওয়া, সমবায়ের সদস্যদের সমস্যা এড়িয়ে বার্ষিক সভায় মানুষকে ধোঁকা দেওয়া আমি মেনে নেব না। সুনির্দিষ্ট অভিযোগ পেলেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
তিনি বলেন, আমাদের কাছে খবর আছে, অনেকেই সমিতির সঙ্গে যুক্ত থেকে পেল্লাই বাড়ি করছেন। কী করে করছেন, আমরা সব বুঝতে পারি। মনে রাখবেন, সরকারের তীক্ষ্ণ দৃষ্টি আছে। আপনারা কে কী করছেন তা এক্স-রে মেশিনের মতো দেখে নিতে পারি।
প্রকাশ্য সভায় সেক্রেটারি ও সমবায়ের ম্যানেজারদের প্রতি আশিসবাবুর কড়া হুঁশিয়ারি শুনে অনেকেই থ হয়ে যান। ঘাটাল মহকুমার বহু সমবায়ের বিরুদ্ধেই কৃষকদের ঋণ পাইয়ে দিতে কাটমানি নেওয়া, মাল কেনাবেচায় অনিয়ম সহ বহু অভিযোগ রয়েছে। আশিসবাবুর কথায় সমবায় সদস্যরা দুর্নীতি বন্ধের আশা করছেন।