Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘাটালে ছাদের জল পড়ার প্রতিবাদ করায় কাকাকে খুন

ঘাটালে ছাদের জল পড়ার প্রতিবাদ করায় কাকাকে খুন
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: ছাদের জল বাড়ির সামনে পড়ায় প্রতিবাদ করেছিলেন কাকা। তার জেরে তাঁকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করল ভাইপো। মৃতের নাম সুকুমার দলুই(৫৭)। শনিবার ঘাটাল শহরের ১ নম্বর ওয়ার্ডের রঘুনাথচকের ওই ঘটনায় উত্তেজনা ছড়ায়। ক্ষিপ্ত জনতা ‘খুনি ভাইপোর’ বাড়িতে চড়াও হওয়ার চেষ্টা করে। পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় মূল অভিযুক্ত বাপন দলুই সহ মোট ছ’জনকে পুলিস আটক করেছে। পুলিস জানিয়েছে, সুকুমারবাবুকে খুন করা হয়েছে। তাঁর দেহের ছাতি ও মাথায় কুড়ুলের ধারালো কোপের দাগ রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই পরিবারের মধ্যে দীর্ঘ দিনের বিবাদ। প্রতিবেশীরা জানান, প্রায় দিন দুই পরিবারের মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকত। বাপন প্রায়ই কাকাকে খুন করার প্রকাশ্যে হুমকি দিত। এদিন সকালে সুকুমারবাবুর স্ত্রী মঙ্গলা দলুই বাড়ির দাওয়ায় বসে কাজ করছিলেন। সেই সময় বাপনদের বাড়ির ছাদের জল মঙ্গলাদেবীর গায়ে পড়ে। সেই ঘটনার প্রতিবাদ করতে গেলেই বাপন চটে লাল হয়ে যায়। দু’পক্ষের ফের বচসা হয়। সুকুমারবাবু ওই সময় বাড়িতে শুয়ে ছিলেন। তিনি উঠে গিয়ে বাপনের কয়েকটি কথার প্রতি উত্তর দিয়ে ফের শুয়ে পড়েন। কীভাবে ছাদের জলে পড়ে তাঁদের বাড়ি নষ্ট হচ্ছে, তা  দেখানোর জন্য মঙ্গলাদেবী প্রতিবেশীদের ডাকতে যান। ওই সময়েই বাপন একটি কুড়ুল নিয়ে গিয়ে সুকুমারবাবুকে এলোপাথাড়ি কোপায় বলে অভিযোগ। 
Advertisement
সম্পর্কিত সংবাদ