Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘর ভাড়া নিয়ে টাকা হাতিয়ে চম্পট যুবক

ঘর ভাড়া নিয়ে টাকা হাতিয়ে চম্পট যুবক
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেখলিগঞ্জ: কয়েক লক্ষ টাকা প্রতারণা করে পালিয়েছে এক যুবক। এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েত এলাকায়।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে খবর, মাস তিনেক আগে জামালদহের আশ্রমপাড়া এলাকায় ঘর ভাড়া নেয় এক যুবক। পরিবার নিয়ে সেখানে থাকত সে। নিজেকে তামাক ব্যবসায়ী পরিচয় দিয়ে কয়েকজনের কাছ থেকে দফায় দফায় মোটা অঙ্কের টাকা তোলে। মঙ্গলবার তল্পিতল্পা গুটিয়ে সপরিবারে ভাড়া বাড়ি ছেড়ে পালিয়েছে ওই যুবক। তারপরই পুলিসের দ্বারস্থ হয়েছেন প্রতারিতরা। রাতেই জামালদহ ফাঁড়িতে গিয়ে পুলিসের কাছে যুবকের বিরুদ্ধে প্রতারণায় অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা।
বুধবার অভিযোগকারীদের মধ্যে সজল দাস বলেন, চায়ের দোকান করি সংসার চালাই। যুবকের কথার ফাঁদে পড়ি। তাই চড়া সুদে টাকা তুলে ওকে দিয়েছিলাম। প্রায় এক লক্ষ পাঁচ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে সে। আর এক অভিযোগকারী বিপ্লব সিংহ বলেন, আমার বাড়িতে যুবকটি ঘর ভাড়া নিয়ে থাকত। হাবভাব দেখে কোনওদিন সন্দেহ হয়নি। আমিও ৩০ হাজার টাকা ওই যুবককে দিয়েছিলাম। সবটাই জলে গেল। শুধু এরাই নন, এভাবে বেশ কয়েকজনের কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়ে ওই যুবক পালিয়েছে বলে সন্দেহ। পুলিস জানিয়েছে, তদন্তের স্বার্থে যুবকের পরিচয় গোপন রাখা হয়েছে। ঘটনাটি পুলিস তদন্ত করে দেখছে।
সম্পর্কিত সংবাদ