Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ভগবানগোলায়

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ভগবানগোলায়
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: বুধবার সকালে ভগবানগোলা থানার চর বালিপাড়ায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, মৃতার নাম বিউটি খাতুন(১৯)। মৃতার পরিবারের অভিযোগ, পণের জন্য স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে শ্বাসরোধ করে মেরে ফেলেছে। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয় ও মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, এক বছর আগে ভগবানগোলা থানার চর বালিপাড়ার বিউটি খাতুনের সঙ্গে ডিহিপাড়ার রনি শেখের বিয়ে হয়। সেই সময় পণ দেওয়া হয়। বিয়ের পর ৩ মাস না কাটতেই আরও পণের দাবিতে রনি শেখ ও তার পরিবারের লোকজন বিউটি খাতুনের উপর মানসিক ও দৈহিক অত্যাচার শুরু করে বলে অভিযোগ। এদিন শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়। মৃতার দাদা গোলাম মাসুম বলেন, বিয়ের সময় পাত্রপক্ষের দাবি মেনে যৌতুক দেওয়া হয়েছিল। কিন্তু বিয়ের ৩ মাস পর থেকে আরও সোনার গয়না ও বাইকের দাবিতে বোনের উপর অত্যাচার শুরু হয়। বিষয়টি জানার পরে বাইক দিতে রাজিও হয়েছিলাম। কিন্তু তার আগেই ওরা বোনটাকে মেরে ফেলল। পুলিস অভিযুক্তদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক। 
Advertisement
মৃতার পিসি মানোয়ারা বিবি বলেন, এক প্রতিবেশীর থেকে খবর পেয়ে সেখানে যাই। তখন বাড়িতে কেউ ছিল না। ঘরের মেঝেতে বিউটির দেহ শোয়ানো ছিল। কানাপুকুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ভগবানগোলা থানার এক আধিকারিক বলেন, মৃতার পরিবারের পক্ষ থেকে এখনও কোনও অভিযোগ করা হয়নি। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। 
সম্পর্কিত সংবাদ