Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গোঘাটে গোডাউন থেকে তিলের বস্তা চুরি

গোঘাটে গোডাউন থেকে তিলের বস্তা চুরি
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: গোডাউনের চিলেকোঠার টিনের ছাউনি খুলে তিলের বস্তা চুরির অভিযোগ উঠেছে।  শনিবার রাতে গোঘাটের ভিকদাসে এই ঘটনা ঘটেছে। রবিবার সকালে চুরির বিষয়টি নজরে আসে ব্যবসায়ীর। খবর পেয়ে ভিকদাসে যায় গোঘাট থানার পুলিস। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিস। গোঘাটের কামচের বাসিন্দা তিলের আড়তদার সুনীলকুমার মাল দাবি করেছেন, তাঁর গোডাউনে ৩০০ বস্তা মতো তিল ছিল। প্রতিটি বস্তায় ৬৫ কেজি করে তিল রয়েছে। তাঁর অনুমান  ৫০ থেকে ৬০ বস্তা তিল চুরি গিয়েছে। পুলিসের এক আধিকারিক বলেন, ওই গোডাউন থেকে কয়েক বস্তা তিল চুরি গিয়েছে বলে আমাদের অনুমান। তদন্ত করে দেখা হচ্ছে। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুনীলবাবু প্রায় ২০ বছর ধরে ব্যবসা করছেন। সানবান্দি এলাকায় তাঁর দোকান রয়েছে। বছর পাঁচেক আগে ভিকদাস এলাকায় নতুন গোডাউন করেছেন। আরামবাগ-কামারপুকুর রাজ্য সড়কের ধরেই রয়েছে ওই গোডাউন। সুনীলবাবু জানিয়েছেন, গোডাউন থেকে তিলের বস্তা বিক্রিও হচ্ছে আবার নতুন বস্তা ঢুকছে। গত মঙ্গলবার ১৭২ বস্তা তিল নতুন করে ঢুকেছে। তাই ওই রাতে কত বস্তা তিল চুরি গিয়েছে তা সঠিকভাবে বলা কঠিন। কিছুদিন আগে পর্যন্ত প্রতি কেজি তিলের দাম ছিল ৭০ টাকা।। এখন কমে ৬০ টাকা হয়েছে। চুরি যাওয়া তিলের দাম আনুমানিক দুই থেকে আড়াই লক্ষ টাকা হবে। 
আড়তদারের অভিযোগ, পাকা ঘরের গোডাউনে চিলেকোঠার টিনের একাংশ কোনওভাবে খুলেছে দুষ্কৃতীরা। তারপর সিঁড়ির দরজার খিল খোলা হয়। গোডাউনের ভিতর থেকে তিলের বস্তা সিঁড়ি দিয়ে ফের তুলে নীচে ফেলা হয়। সেখান থেকে কোনও গাড়িতে তা নিয়ে যাওয়া হয়েছে। ভিকদাসে সুনীলবাবুর পাশে তাঁর দাদাদের দোকানও রয়েছে। এদিন সকালে তাঁর এক দাদার কাছ থেকে চুরির খবর পান সুনীলবাবু। তিনি বলেন, গোডাউনের কাছেই প্রতীক্ষালয়ে রাতে সিভিক ভলান্টিয়াররা ডিউটি করেন। সেখানে সিসি ক্যামেরাও রয়েছে। তারপরও চুরির ঘটনা ঘটল।
সম্পর্কিত সংবাদ