ডাচদের পাঁচ গোলে হারাল জার্মানি
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জার্মানি- ৫        :      নেদারল্যান্ডস- ০

Advertisement

বার্লিন: মাত্র তিন মাস হল তিনি দায়িত্ব নিয়েছেন। এত কম সময়ের মধ্যে নেদারল্যান্ডসের ফুটবল ইতিহাসে লজ্জার সাক্ষী থাকতে হবে তাঁকে, তা স্বপ্নেও ভাবেননি জাভি হার্নান্ডেজ। উয়েফা নেশনস লিগের ম্যাচে সোমবার বার্লিনের ওলিম্পিক স্টেডিয়ামে ডাচদের পাঁচ গোলের মালা পরাল জার্মানি। প্রতিযোগিতামূলক ম্যাচে যা নেদারল্যান্ডসের সবচেয়ে বড়ো হার। ১৯৫৯ সালে পশ্চিম জার্মানির কাছে সাত গোল হজম করেছিল তারা। তবে সেটা ছিল প্রীতি ম্যাচ। সোমবার জোড়া গোলে জার্মানদের জয়ের নায়ক ফ্লোরিয়ান রির্টজ। এছাড়া স্কোরশিটে নাম তোলেন ড্যারি শেরহান্ট, নিকো শ্লটারবেক ও বেজান গুর্দা। এই জয়ের সুবাদে ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকেই টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে পৌঁছাল জার্মানি। সমান পয়েন্ট নিয়ে হেড টু হেডের নিরিখে দ্বিতীয় স্থানে শেষ করল নেদারল্যান্ডস।
নেশনস লিগের পরের রাউন্ডে পৌঁছতে হলে সোমবার জিততেই হত জার্মানিকে। টুর্নামেন্টের প্রথম সাক্ষাতে আমস্টারডামে শেষ মুহূর্তের গোল হজমে জয় হাতছাড়া করেছিল তারা। তাই ঘরের মাঠে শুরু থেকেই ঝাঁপান কাই হাভার্টরা। ম্যাচের ৩২ মিনিটে শেরহান্টের শট পোস্ট ছুয়ে বেরিয়ে যায়। তবে মিনিট নয়েক বাদেই বাঁদিক থেকে ইনসাইড কাটে বক্সে ঢুকে ডান পায়ের দুরন্ত শটে জাল কাঁপান এই তরুণ উইঙ্গার (১-০)। বিরতির পর লড়াইটা পুরোপুরি একপেশে হয়ে দাঁড়ায়। ৬০ মিনিটে বক্সের বাইরে থেকে দুরন্ত শটে ব্যবধান বাড়ান রির্টজ (২-০)। মিনিট পাঁচেক বাদেই গুর্দার সেন্টর থেকে হেডে লক্ষ্যভেদ শ্লটারবেকের (৩-০)। ৭১ মিনিটে ম্যাচে দ্বিতীয় গোলটি সেরে ফেলেন রির্টজ (৪-০)। ৭৭ মিনিটে প্রতিপক্ষ কফিনে শেষ পেরেকটি পোঁতেন গুর্দা (৫-০)।
বিপক্ষের ডেরায় এভাবে আত্মসমর্পণের পর ফুটবলারদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন নেদারল্যান্ডস কোচ জাভি। ম্যাচ শেষে তাঁর মন্তব্য, ‘সমর্থকদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। এটা কোনোভাবেই ফুটবল খেলা হতে পারে না। ছেলেদের মধ্যে কাঙ্ক্ষিত লড়াই দেখতে পাইনি। এই হার সত্যিই লজ্জার।’