মুম্বই: সুনীল গাভাসকরকে বিশেষ সম্মান জানাতে চলেছে মুম্বই ক্রিকেট সংস্থা। ওয়াংখেড়ে স্টেডিয়ামের ভিতরে থাকা মিউজিয়ামের প্রবেশদ্বারে বসবে সানির মূর্তি। পাশাপাশি সেখানে স্থাপিত হবে প্রাক্তন আইসিসি এবং বিসিসিআই প্রেসিডেন্ট শরদ পাওয়ারের প্রতিকৃতিও। চলতি মাসের শেষদিকে উদ্বোধন হবে এই দুই মূর্তির। মুম্বই ক্রিকেট সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ‘সংগ্রহশালায় ঢোকার মুখে থাকবে গাভাসকর ও পাওয়ারের প্রমাণ আকারের মূর্তি। কিংবদন্তি গাভাসকর হলেন উৎকর্ষ ও শ্রেষ্ঠত্বের প্রতীক। তরুণ প্রজন্মের কাছে তিনি বরাবরের অনুপ্রেরণা।’
মুম্বই ক্রিকেট সংস্থাকে ধনাবাদ জানিয়ে সানি বলেছেন, ‘আমি অভিভূত। সম্মানিতও। ছোটবেলায় ক্রিকেটে পা রাখার সময় থেকেই পাশে পেয়েছি মুম্বই ক্রিকেট সংস্থা ও বিসিসিআইকে। সেজন্যই দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্নপূরণ হয়েছে। এই সম্মান চিরদিন মনে রাখব।’ উল্লেখ্য, বর্ণময় ক্রিকেটজীবনে গাভাসকরই প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে দশ হাজার রানের গণ্ডি পার করেন। টেস্টে তাঁর ৩৪ শতরানের রেকর্ডও অনেকদিন অক্ষত ছিল। ১২৫ টেস্টে ৫১.১২ গড়ে সানির মোট রান ১০,১২২। একদিনের ক্রিকেটে ১০৮ ম্যাচে ৩৫.১৩ গড়ে ৩০৯২ রান করেন তিনি। শতরান একটি। দুই ফরম্যাটেই দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। খেলা ছাড়ার পর ধারাভাষ্যকার হিসেবে ক্রিকেটের সঙ্গে জড়িয়ে রয়েছেন গাভাসকর। পাশাপাশি, নিয়মিত কলামও লেখেন ৭৬ বছর বয়সি।