Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পোস্টার ছেঁড়া নিয়ে সরগরম শিলিগুড়ি ধরনায় গৌতম, পুলিশের সঙ্গে বচসা শংকরের

পোস্টার, ব্যানার ছেঁড়া নিয়ে নজিরবিহীনভাবে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী শংকর ঘোষ।

পোস্টার ছেঁড়া নিয়ে সরগরম শিলিগুড়ি ধরনায় গৌতম, পুলিশের সঙ্গে বচসা শংকরের
  • ৭ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

তারক চক্রবর্তী, শিলিগুড়ি: পোস্টার, ব্যানার ছেঁড়া নিয়ে নজিরবিহীনভাবে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী শংকর ঘোষ। রীতিমতো দাদাগিরি চালালেন তিনি। পুলিশকে আটকে রেখে আঙুল উঁচিয়ে ধমকালেন। ওসির গাড়ি আটকে রেখে পরে পানিট্যাঙ্কি পুলিশ ফাঁড়িতে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে গিয়ে ঘেরাও করেন তিনি। গোটা পরিস্থিতি ঘিরে সোমবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে শিলিগুড়ির রাজনৈতিক মহল। অন্যদিকে, দলের পতাকা, পোস্টার, ব্যানার ছিঁড়ে নর্দমায় ফেলে দেওয়ার অভিযোগকে সামনে রেখে সরব হন শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। তিনি কাছারি রোডের শিলিগুড়ি প্রধান ডাকঘরের পাশে গান্ধীমূর্তির পাদদেশে কিছুক্ষণের জন্য ধরনায় বসেন। 

Advertisement

উল্লেখ্য, শহরের একাধিক ওয়ের্ডে সাঁটানো তৃণমূলের ঝান্ডা, পোস্টার ছিঁড়ে নর্দমায় ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন গৌতম দেব। প্রার্থী এবং তাঁর দল এই বিষয়ে সরাসরি বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে থানায় লিখিত অভিযোগও দায়ের করেছে। পরপর এমন ঘটনার প্রতিবাদে প্রার্থী গৌতম দেব এদিন গান্ধীমূর্তির পাদদেশে ধরনায় বসেন। সেখানে গৌতম বলেন, শান্ত শিলিগুড়িতে ভোট প্রচারে অশান্তির পরিবেশ আমদানি করছেন বিজেপি প্রার্থী। উনি বহিরাগতদের শহরে ঢুকিয়ে অশান্তি পাকানোর চেষ্টা করছেন। বিজেপি প্রার্থীর সঙ্গে দুষ্কৃতীদের সম্পর্ক রয়েছে। 
অন্যদিকে, তৃণমূলের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এদিন পাঞ্জাবিপাড়ায় একটি বাড়িতে দুই মহিলা বিজেপি কর্মীকে জিজ্ঞাসাবাদ করতে যান পানিট্যাঙ্কি ফাঁড়ির ওসি নির্মল দাস সহ অন্য পুলিশ আধিকারিকরা। এই খবর পেয়েই সেখানে উপস্থিত হন বিজেপি প্রার্থী শংকর ঘোষ। প্রকাশ্যেই তিনি ওসিকে ধমকান। দু’জনের মধ্যে ধাক্কাধাক্কিও হয়। পরে পুলিশের গাড়ি আটকে রাখেন শংকর সহ তাঁর সঙ্গে থাকা দলের লোকজন। ওসি সহ পুলিশ কর্মীরা গায়ে উর্দি না চাপিয়ে পাড়ায় ঢুকে বিজেপি কর্মী সমর্থকদের ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ করেন শংকর। যদিও ওসি নির্মলবাবু বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমরা শুধুমাত্র তদন্ত করতে ঘটনাস্থলে যাই। 
শংকর বলেন, তৃণমূল প্রার্থীর অঙ্গুলিহেলনে আমাদের কর্মীদের অহেতুক ভয় দেখানো হচ্ছে শুনে কারণ জানতে এসেছি। পুলিশের গায়ে হাত তুলিনি। এই প্রসঙ্গে শিলিগুড়ির বর্ষীয়ান সিপিএম নেতা অশোক ভট্টাচার্য বলেন, বিজেপি ও তৃণমূল রাজ্যজুড়ে রাজনীতিকে এই জায়গায় নিয়ে গিয়েছে যে কিছু বলার নেই। আমাদেরও অনেক পোস্টার ছেঁড়া হয়েছে। কিন্তু আমরা এমন কিছু করিনি যা এই শহরের সংস্কৃতির সঙ্গে বেমানান। 

Advertisement
সম্পর্কিত সংবাদ