নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ভোজনরসিক বাঙালির রসনা তৃপ্তি করল বাণিজ্য মেলা। দুর্গাপুরের গান্ধী মোড় মেলা ময়দানে বেঙ্গল বিজনেস কাউন্সিল বা বঙ্গীয় বাণিজ্য পরিষদের আয়োজিত বাংলার নবজাগরণের দিন সবার নজর কাড়ল গ্যাস্ট্রোনমি জোন। বাঙালি যেমন ভোজন রসিক, তেমনই বাংলার রান্নার কদরও জগৎজোড়া। রান্নাকে অবলম্বন করেই বড় বাণিজ্য প্রতিষ্ঠা হতে পারে তার একাধিক উদাহরণ রেখেছে বাঙালিরা। রন্ধনকে নিয়ে যারা বাণিজ্য করতে পারে, তাদের উৎসাহিত করার জন্যই তৈরি হয়েছে এই জোন।
উৎসবের দ্বিতীয় দিনে গ্যাস্ট্রোনমি জোনে ছিল রন্ধন প্রতিযোগিতা। ২৪ জন প্রতিযোগী তাঁদের সেরা রান্না করা পদ তুলে ধরেন। প্রতিযোগিতার পাশাপাশি রান্নাকে কীভাবে বাণিজ্যিকস্তরে নিয়ে যাওয়া সম্ভব তাও শেখানো হয় হাতে কলমে। বিভিন্ন হোটেল ম্যানেজমেন্ট এর প্রশিক্ষিতরা ঘরোয়া রাঁধুনিদের নানা টিপস দেন। পাশাপাশি একটি রান্না করা পদ কীভাবে সাজিয়ে তোলা যায় তাও শেখানো হয়েছে। শনিবার সন্ধ্যায় আকর্ষণ আরও বাড়িয়ে তোলে টলিউডের দুই তারকা অঙ্কুশ ও ঐন্দ্রিলা। এদিন তাঁরা তাঁদের অভিনীত সিনেমার প্রমোশনের জন্য এই বাণিজ্য মেলাকেই বেছে নিয়েছিলেন। বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় জুটিকে দেখতে বহু মানুষ ভিড় করে।