পার্কিংয়ের জায়গায় ফেলা বর্জ্য দুর্গন্ধ ছড়াচ্ছে, পুরসভার বিরুদ্ধে বিক্ষোভ
  • ২৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে গাড়ি পার্কিংয়ের জন্য কেনা জায়গায় বর্জ্য পদার্থ ফেলছে পুরসভা। অভিযোগ, দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা। গন্ধের তীব্রতা প্রায় ৫০০ মিটার দূরে হাসপাতালেও পৌঁছে যাচ্ছে। বর্জ্য পদার্থের মধ্যে পড়ে রয়েছে ব্যবহৃত সিরিঞ্জ। এমন অবস্থায় পুরসভার বিরুদ্ধে সরব হয়েছেন বাসিন্দারা। 

Advertisement

বুধবার সকালে পুরসভার গাড়ি ময়লা ফেলতে এলে স্থানীয়রা বাধা দেন। তাঁদের অভিযোগ, দুর্গন্ধে  টিকতে পারছে না কেউই। বেশি সমস্যা হচ্ছে, শিশু ও বয়স্কদের। বাধা দেওয়ার খবর পেয়ে ছুটে আসেন তারকেশ্বর পুরসভার আধিকারিক ও কর্মীরা। ঘটনাস্থলে এসে বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। বাসিন্দাদের দাবি, এখানে ময়লা ফেলা যাবে না। সূত্রের খবর, শ্রাবণী মেলার সময় ডাম্পিং গ্রাউন্ডের পাশে পুলিশ ক্যাম্প থাকায় ট্রাক্টর ভিতরের দিকে ঢুকতে পারেনি। পাশাপাশি, দীর্ঘদিন জেসিবি খারাপ থাকায় ময়লা সরিয়ে দেওয়ার কাজও বন্ধ হয়েছিল। পুরসভার সমন্বয়ের অভাব ও উদাসীনতায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখান বাসিন্দারা। পুরসভার আধিকারিক সোমেশ্বর শুক্লা বলেন, ‘জায়গাটি পার্কিংয়ের জন্য কিনেছি, এখানে পার্কিংয়ে হবে। পরবর্তী সময়ে এই ময়লা আমরা অন্যত্র নিয়ে যাব। প্রতিদিন দুই ডাম্পার বর্জ্য বৈদ্যবাটি পাঠানো হচ্ছে। পুরানো ডাম্পিং গ্রাউন্ডে কাজ হচ্ছে। শ্রাবণী মেলায় জরুরি প্রয়োজনে এই জায়গা ব্যবহার করা হয়েছিল। আশা করি, দ্রুত এই সমস্যার সমাধান হবে।’