নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এবারও গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের জন্য বিশেষ আকর্ষণ তৈরি করার চেষ্টা করছে জেলা প্রশাসন। এজন্য কপিলমুনির মন্দিরের পাশে ড্রোন শো করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে কপিলমুনির মন্দিরের বিবর্তনের কাহিনি, গঙ্গাসাগর মেলার ইতিহাসের গল্প সহ নানা বিষয় দেখানো হবে। এর জন্য ৪০০-৫০০ ড্রোন লাগবে বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে উচ্চস্তরে আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে প্রশাসনিক কর্তারা রাজিও হয়েছেন। কীভাবে পুরো ব্যাপারটি বাস্তবায়িত হবে, এখন সেটা নিয়ে আলোচনা চলছে।
প্রতিবছরই পুণ্যার্থীদের জন্য কিছু না কিছু নতুন প্রকল্প নিয়ে থাকে জেলা প্রশাসন। এবারও তাই পুণ্যস্নান ছাড়া তীর্থযাত্রীদের কাছে কপিলমুনির মন্দির প্রাঙ্গণের পরিবেশ উপভোগ্য করে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আগে কখনও বাংলার বিভিন্ন ধর্মীয় স্থানের রেপ্লিকা তুলে ধরা হয়েছিল, কখনও আবার মেলায় আসার জন্য শুভেচ্ছাবার্তা দেওয়া হয়েছিল। এবারে প্রযুক্তির সাহায্যে ড্রোন শোয়ের পরিকল্পনা নিয়েছে তারা। জানা গিয়েছে, পাঁচ মিনিট ধরে ওই ড্রোন শো দেখানো হবে। একটি শো শেষ হওয়ার কিছুক্ষণ বাদে আবার তা চালু হবে। এখন বিষয়বস্তুর বিবরণ তৈরির কাজ চলছে। বৃহস্পতিবার নবান্নে গঙ্গাসাগর নিয়ে বৈঠক রয়েছে। সেখানেই হয়তো এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অধিকারিকরা বলছেন, এর আগে কখনও গঙ্গাসাগরে এই ধরনের প্রকল্প নেওয়া হয়নি।