Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সূর্যর ফর্ম নিয়ে উদ্বিগ্ন নন গম্ভীর

ওয়ান ডে সিরিজ। এবার টি-২০ ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চ্যালেঞ্জ। তার আগে দলকে ঐক্যবদ্ধ করতে মরিয়া কোচ গৌতম গম্ভীর।

সূর্যর ফর্ম নিয়ে উদ্বিগ্ন নন গম্ভীর
  • ২৮ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ক্যানবেরা: হাতছাড়া হয়েছে ওয়ান ডে সিরিজ। এবার টি-২০ ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চ্যালেঞ্জ। তার আগে দলকে ঐক্যবদ্ধ করতে মরিয়া কোচ গৌতম গম্ভীর। একই সঙ্গে ক্রিকেটারদের মনোবল বাড়ানোরও চেষ্টা করছেন তিনি। সম্প্রতি টি-২০ ফরম্যাটে এশিয়া কাপ জিতেছে ভারত। তবে প্রদীপের নীচে অন্ধকার হয়ে টিম ম্যানেজমেন্টকে যথেষ্ট বিব্রত করেছে ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের অফ ফর্ম। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে নামার আগে এটাই মাথাব্যথার মূল কারণ হতে পারে কোচ গম্ভীরের।

Advertisement

চলতি বছর একটি ৪৭ রানের ইনিংস ছাড়া পাতে দেওয়ার মতো কিছুই নেই সূর্যর ব্যাটে। সাফল্যের চেয়ে ব্যর্থতাই বেশি। শেষ সাত ম্যাচে মাত্র ৭২ রান করেছেন তিনি। তবে এই বিষয়টিকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ গম্ভীর। তিনি জানিয়েছেন, ‘সূর্যর ব্যাটিং নিয়ে মোটেও চিন্তিত নই। আমরা আগ্রাসী ক্রিকেট খেলতে সংকল্পবদ্ধ। যে কোনও ব্যর্থতা তারই অঙ্গ হিসেবেই বিবেচিত হবে। তাই হেরে গেলেও কোনও প্রভাব পড়বে না। টি-২০ ক্রিকেটে দলগত পারফরম্যান্স ভালো হওয়া জরুরি। তাই ব্যক্তি বিশেষের উপর বিশেষ গুরুত্ব দিই না আমরা। আক্রমণাত্মক ক্রিকেট খেলতে গিয়ে কখনও কখনও ব্যর্থ হতেই পারি। কিন্তু সামগ্রিকভাবে দলের পারফরম্যান্স কেমন হল, সেটাই দেখা উচিত।’
ক্যাপ্টেন সূর্যকুমারের প্রশংসায় পঞ্চমুখ গম্ভীর। ভারতীয় দলের কোচ বলেছেন, ‘সূর্য একজন দক্ষ ক্রিকেটারের পাশাপাশি ভালো মনের মানুষ। সবার সঙ্গে বন্ধুর মতো মিশে যেতে পারে। তার ফলে সহজেই সেরাটা বের করে আনতে পারে সতীর্থদের থেকে। মাঠে ও মাঠের বাইরে সূর্যর আচার ব্যবহারে কোনও তফাৎ চোখে পড়ে না। গত দেড় বছর ধরে দলের মনোবল অটুট রাখতে সফল ও। কোচ হিসেবে আমার কাজ ওকে গাইড করা। সেটাই করছি। সূর্য অধিনায়ক। শেষ পর্যন্ত দলটা ওর। নেতৃত্বের ব্যাপারে ওর পূর্ণ স্বাধীনতা রয়েছে। সেখানে কখনওই আমি হস্তক্ষেপ করতে চাই না।’

Advertisement
সম্পর্কিত সংবাদ