নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টেস্টের আসরে ভারতীয় ক্রিকেট দলের ক্রমাগত বিপর্যয়ে রাগে অগ্নিশর্মা রবি শাস্ত্রী। প্রায় ধুয়ে দিলেন গৌতম গম্ভীরকে। ভারতীয় দলের বর্তমান কোচের দিকে একের পর এক তোপ দেগেছেন কোহলিদের প্রাক্তন হেডস্যার। ঠিক কী বলেছেন শাস্ত্রী? এক পডকাস্টে তাঁর মন্তব্য, ‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ০-২ হোয়াইটওয়াশ হওয়ার দায় বর্তায় গম্ভীরের উপর। আমার সময়ে এমনটা হলে দোষ স্বীকার করে নিতাম। পরিস্থিতি শোচনীয়।’ নিজের বক্তব্যের পক্ষে যুক্তিও সাজিয়েছেন শাস্ত্রী। তাঁর বক্তব্য, ‘গুয়াহাটিতে একটা সময়ে ভারতের রান ছিল ১ উইকেটে ১০০। এরপর তাসের ঘরের মতো ব্যাটিং অর্ডার ভেঙে পড়ে। দলে প্রতিভার অভাব নেই। কিন্তু সঠিক সময়ে নিজেদের প্রয়োগে ব্যর্থ তারা।’
ঘরের মাঠে নিউজিল্যান্ডের পর প্রোটিয়াদের বিপক্ষেও হোয়াইটওয়াশ ভারত। লাল বলের ক্রিকেটে বিপক্ষের কাছে অসহায় আত্মসমর্পণ নিয়ে গেল গেল রব উঠেছে। শাস্ত্রী জমানায় টেস্টে ভারতের দাপট ছিল প্রশ্নাতীত। গৌতম গম্ভীরের আমলে পরিস্থিতি সত্যিই ‘গম্ভীর’। ভারতের স্লো টার্নারে একসময় বাঘা বাঘা প্রতিপক্ষ জব্দ হয়েছে। কিন্তু সেই পিচই এখন ব্যুমেরাং। উইকেট ছুড়ে দিয়ে আসছেন তাবড় ব্যাটাররা। পারফরম্যান্স তো বটেই, মানসিকতা নিয়েও উঠছে প্রশ্ন। অনেকেই মনে করছেন, কোহলি ও রোহিত থাকলে এতটা করুণ দশা হত না। টেস্টে ডাহা ফেল কোচ গম্ভীর। তাঁর অহেতুক জেদ ও একগুঁয়েমিতে ক্ষতি হচ্ছে দলের। এমন সময়ে ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রীও। তাঁর সংযোজন, ‘ড্রেসিং-রুমে ফিরে সবার আগে নৈতিক দায় নেওয়া উচিত কোচের। ক্রিকেটারদের ভুলও চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া প্রয়োজন।’ অভিজ্ঞ মহলের ধারণা, একেবারে সঠিক যুক্তি দিয়েছেন শাস্ত্রী। স্কোরবোর্ড থাকলে লেখা যেত, গৌতম গম্ভীর বোল্ড রবি শাস্ত্রী!