সংবাদদাতা, পুরাতন মালদহ: গাজোলের আলাল গ্রাম পঞ্চায়েতের মহানন্দা নদী সংলগ্ন রাজারামচক এলাকায় অনুমোদিত নতুন বাঁধ তৈরিতে জট কাটার ইঙ্গিত। অভিযোগ, গ্রামবাসীদের একাংশ ভাঙনপ্রবণ এলাকা থেকে সরছিলেন না। সেজন্য পুরোদমে বাঁধের কাজ করা যাচ্ছিল না। সমস্যা মেটাতে শনিবার বিকেলে গাজোলের বিডিও সুদীপ্ত বিশ্বাসের নেতৃত্বে একটি দল ওই এলাকায় গিয়েছিল। ছিলেন জয়েন্ট বিডিও সুব্রত শ্যামল, বিপর্যয় মোবাবিলা দপ্তরের আধিকারিক সৌরভ দত্ত, সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার সহ অন্যরা। ব্লক প্রশাসনের কর্তারা স্থানীয় একজনের বাড়িতে বৈঠকের পর ভাঙন এলাকা পরিদর্শন করেন। দীর্ঘক্ষণ আলোচনার পর গ্রামবাসীদের একাংশ জায়গা ছেড়ে দিতে রাজি হয়েছেন। প্রশাসনও ভূমিহীনদের একাংশকে পাট্টা, বাংলার বাড়ি সহ অন্য সুযোগসুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। গ্রামবাসীদের একাংশ নদী সংলগ্ন এলাকা থেকে সরে গেলেই সেখানে বাঁধের কাজ জোরকদমে এগিয়ে যাবে বলে প্রশাসন মনে করছে। গাজোলের জয়েন্ট বিডিও বলেন, গ্রামবাসীদের একাংশ সরতে চাইছিলেন না। তাঁদের অভাব, অভিযোগ আমরা শুনেছিলাম। এদিন সবকিছু বুঝিয়ে দেওয়া হয়েছে। দ্রুত কাজ এগিয়ে যাবে।



