স্বরূপ কুলভী: অঙ্ক মানেই মজাদার আর আকর্ষণীয়। সংখ্যার ভিতরের নানান মজার সম্পর্ক আমাদের তাক লাগিয়ে দেয়। এখানে ভুল হওয়ার জো নেই। শুধু সঠিক পথে এগলেই হবে। ভেবে দেখ, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই রয়েছে গণিতের ব্যবহার। দিন, মাস, বছরের হিসেব রাখা থেকে কেনাকাটা সবেতেই রয়েছে অঙ্ক। বিজ্ঞানীদের মতে, এই পৃথিবী ও মহাবিশ্ব সবই গাণিতিক নিয়মেই চলে। আর এদের অন্তর্নিহিত সম্পর্ক, গঠন বুঝতে গণিতের বিকল্প নেই। তাই অঙ্ককে বলে বিজ্ঞানের জননী। আর অঙ্ক মানেই সংখ্যার খেলা। ছোট্ট বন্ধুরা, সংখ্যার খেলার কৌশল শিখে চমৎকার একটা ম্যাজিক দেখিয়ে দাও। এই ম্যাজিকের নাম দিতে পার
‘মজার খাম’।
তুমি চারটি সংখ্যা লিখে খামে বা একটা মোড়কে লুকিয়ে রাখ। তারপর বন্ধুকে সামান্য কয়েক বার যোগ করতে হবে। দেখবে তোমার লিখে রাখা সংখ্যার সঙ্গে মিলে গিয়েছে। কীভাবে? এটাই তো মজার। আর শুধু একজন নয়, দু’-চারজন বন্ধুকে নিয়েও এই খেলা খেলতে পার। চলো শুরু করা যাক। বন্ধুদের বলবে, এটা জন্মসাল নিয়ে খেলা। আর অঙ্কের উত্তরটা আগেই এই কাগজে লিখে রাখলাম। এই বলে চারটি সংখ্যা লিখে খামে লুকিয়ে রাখ। এখন কোন চারটি সংখ্যা লিখবে? এ বছর তো ২০২৫ সাল। তাই প্রথমে এই সালের দ্বিগুণ অর্থাৎ ৪০৫০ সংখ্যা ওই কাগজে লিখে রাখ।
-এবার বন্ধুকে কাগজে তার জন্মসাল লিখতে বল।
-তারপর তার জীবনের কোনও স্মরণীয় সাল (যেমন ভাই-বোনের জন্মসাল বা কোনও পুরস্কার পাওয়ার সাল) লিখতে বল।
-এরপর বন্ধুকে তার বয়স লিখতে বল (মানে এ বছর তার যত বয়স তা পূর্ণ সংখ্যায় লিখতে হবে)।
-সেইসঙ্গে স্মরণীয় ঘটনার পর কত বছর পার হয়েছে সেই সংখ্য্য লিখতে বলবে (এটিও পূর্ণ সংখ্যায়)।
-ওই চারটি সংখ্যা যোগ করে তার ফল জানাতে বল।
এবার তোমার ম্যাজিকের পালা। চোখ বন্ধ করে খামটি খোলার আগে কিছুটা সাসপেন্স তৈরি কর। তারপর ওটির ভিতরে লেখা সংখ্যাটি দেখিয়ে দাও। বন্ধু তো অবাক হয়ে দেখবে তোমার লেখা সংখ্যা ওর যোগফলের সঙ্গে মিলে গিয়েছে।
কঠিন মনে হচ্ছে? উদাহরণ দিলে বিষয়টি জলের মতো পরিস্কার হয়ে যাবে।
তুমি খামের মধ্যে লিখে রাখবে ৪০৫০।
এবার ধর, তোমার বন্ধুর জন্ম ২০১০ সালে। এ বছর ওর বয়স ১৫। ২০১৬ সালে ওর ভাইয়ের জন্ম। তারপর কেটে গিয়েছে ৯ বছর।
তাই ও যোগ করবে ২০১০+১৫+২০১৬+৯ ।
যোগফল হবে ৪০৫০। এই সংখ্যাটাই তুমি আগে লিখেছিলে তো?
কি বেশ চমৎকার না!
আরও একটা উদাহরণ...
জন্মসাল ১৯৮৯, এখন বয়স ৩৬, বিশেষ বছর ২০০৭, তারপর কেটে গিয়েছে ১৮।
যোগফল বেরবে ১৯৮৯+৩৬+২০০৭+১৮=৪০৫০
কীভাবে হল? একেবারেই সহজ। কারণ, কারও জন্মসালের সঙ্গে তার বয়স যোগ করলে বর্তমান বছর পাওয়া যাবে। সে তার জন্মসাল যতই হোক না কেন। তেমনই কারও কোনও স্মরণীয় ঘটনার সালের সঙ্গে যত বছর কেটেছে, সেই সংখ্যা যোগ করলেও বর্তমান সালই আসবে। তাই এই চার সংখ্যার যোগফল বর্তমান সালের দ্বিগুণ হবে।