Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পূর্বস্থলীর আমের বাগানগুলিতে ফ্রুটফ্লাইয়ের হানা বিপুল ক্ষতির আশঙ্কা, দিশেহারা চাষিরা

আমের শেষ মরশুমেই 'ফ্রুট ফ্লাই' এর হানা পূর্বস্থলী জুড়ে। পাকা আমের মধ্যেই ডিম পাড়ছে এই মাছি।

পূর্বস্থলীর আমের বাগানগুলিতে ফ্রুটফ্লাইয়ের হানা বিপুল ক্ষতির আশঙ্কা, দিশেহারা চাষিরা
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: আমের শেষ মরশুমেই 'ফ্রুট ফ্লাই' এর হানা পূর্বস্থলী জুড়ে। পাকা আমের মধ্যেই ডিম পাড়ছে এই মাছি। নরম আমের খোসার উপরে সোনালি মাছি আক্রমণ করছে। এতে চাষিরা লোকসানের আশঙ্কা করছেন। ফিলামেন্ট ট্র্যাপ দিয়েও রক্ষা করা যাচ্ছে না আম। তবে শুধু আম নয়, অন্যান্য ফলেও এমন প্রজাতির মাছির উপদ্রব ভয়ানক বেড়েছে। চিন্তায় রয়েছেন এলাকার কৃষকরা। পূর্ব বর্ধমান জেলার উদ্যানপালন দপ্তরের অফিসার সুদীপ ভকত বলেন, ফ্রুট ফ্লাই বর্ষার মরশুমে বেশি আসে। মূলত যেসব প্রজাতির আম দেরিতে পাকে, সেসব আমকেই এরা টার্গেট করে। কিন্তু যেহেতু প্রাক বর্ষার মরশুমে বৃষ্টি হচ্ছে মাঝেমধ্যেই তাই এবার একটু আগেই ফ্রুট ফ্লাই এর উপদ্রব শুরু হয়েছে। এর থেকে বাঁচতে ফিলামেন্ট ট্র্যাপ বা কাপড়ের ট্র্যাপ দিতে হবে জানা গিয়েছে, ফ্রুট ফ্লাই কে মূলত ফলের মাছি বলা হয়। এই রকম মাছি অনেক প্রকার হয়। পূর্ণাঙ্গ ফলের মাছি বা ফ্রুট ফ্লাই ৪ থেকে ৭ মিলিমিটার লম্বা। এই মাছি দেখতে সরু, হালকা বাদামি রঙের ও স্বচ্ছ ডানা থাকে। স্ত্রী মাছি নরম ফলের ত্বকের নিচে গর্তের মধ্যে একক ভাবে বা গুচ্ছাকারে ৪ থেকে ১০ টি ডিম পাড়ে। আর অপূর্ণাঙ্গ পোকা ডিম ফুটে বেরিয়ে ফলের ভিতরে ঢুকে নরম শাঁস ও বীজ খায়। আক্রান্ত ফলের ত্বকে  ছোট্ট পুঁতির আকারে জমাট বেঁধে থাকে। আর এটা দেখে সহজেই পোকার আক্রমণ হয়েছে বোঝা যায়৷ এতে ফলের রঙ পরিবর্তন হয়ে যায়।  এমন মাছি সারাবছর তৎপর থাকলেও গরমকালে এদের বেশি দেখা যায়। বাতাসে আদ্রতা থাকলেই এই মাছির উপদ্রব শুরু হয়। পূর্বস্থলীজুড়ে এখন এমন মাছির উপদ্রব শুরু হয়েছে৷ হিমসাগর, ল্যাঙড়া আম ছাড়াও বিদেশি আমেরও পূর্বস্থলীতে চাষ রয়েছে। অন্তত প্রায় ৩০ প্রজাতির বিদেশি আম চাষ হয়৷  আমেরিকার রেড পালমার, টমি অ্যাট কিন্স, মহারাষ্ট্রের আলফানসো, তাইওয়ানের মহা চানক বা ব্যানানা ম্যাংগো, পূষা অরুনিমা,  কিং চাকাপাত, সুইট চিলি, বাংলাদেশের হাঁড়িভাঙা আমের গাছ রয়েছে বাগান জুড়ে। জাপানের মিয়াঁজাকি আম লালচে রঙের দেখতে আর  আমেরিকার রেড পালমার আম বড় সাইজের ও লাল রঙের। এই আমগুলিকেই টার্গেট করেছে ফ্রুট ফ্লাই। নার্সারি মালিক শঙ্কর দত্ত বলেন, আমরা সোনালি মাছির উপদ্রব ঠেকাতে ফিলামেন্ট ট্র্যাপ ব্যবহার করছি। কিন্তু দু' ঘন্টার মধ্যেই সেই ট্র্যাপ বাক্স ভর্তি হয়ে যাচ্ছে। বাগানে বেশির ভাগ আম নষ্ট হয়ে যাচ্ছে। এবার বেশিমাত্রায় সোনালি মাছির উপদ্রব শুরু হয়েছে। রাজ্যে সুনাম রয়েছে পূর্বস্থলীর সুস্বাদু আমের। পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত কলকাতার আম উৎসবে পূর্বস্থলীর হিমসাগর আম সেরা সুস্বাদু হিসাবে পুরস্কৃত হয়েছে আগে। এমনকি বীরভূম জেলার আম উৎসবেও সেরা হয়েছে পূর্বস্থলীর সুস্বাদু আম। পূর্বস্থলী জুড়ে রয়েছে প্রায় ৩ হাজারেরও বেশী আমবাগান রয়েছে। এমন মাছি শুধু বিদেশি প্রজাতির আমে নয়৷ দেশিয় প্রজাতির আমেও আক্রমণ করছে। জেলা উদ্যানপালন দপ্তরের দাবি, এই মাছি মূলত আম্রপালি, ফজলি, মল্লিকা প্রজাতির আমকে টার্গেট বেশি করে৷ কারণ এসব প্রজাতির আম দেরিতে ফলে৷ আর সেই সময়তেই ওই মাছির আগমণ ঘটে৷ কিন্তু এবার সোনালি মাছির আগমন সময়ের আগেই হয়ে যাওয়ায় চিন্তায় পড়েছেন ফল চাষিরা।  -নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ