নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: তিরুপতি বালাজি থেকে শুরু করে আদিযোগী-জগদ্ধাত্রীপুজোর থিমে হরেক চমক নিয়ে হাজির উদ্যোক্তারা। মঙ্গলবার বেশিরভাগ জগদ্ধাত্রীপুজোর মণ্ডপের উদ্বোধন হয়। বাহারি আলোর সাজে আরামবাগ শহর ঝলমল করছে।
আরামবাগ হাইস্কুল মাঠে স্পোর্টিং অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রীপুজো এবার ৫৭তম বর্ষে পা দিয়েছে। উদ্যোক্তারা এবার দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করেছেন। ফোম, বাটাম, কাপড় প্রভৃতি সামগ্রী দিয়ে সুউচ্চ মণ্ডপ তৈরি করা হয়েছে। কোতুলপুর থেকে আলোকসজ্জা নিয়ে আসা হয়েছে। চারটি বিভাগে প্রায় ১২০০পড়ুয়াকে নিয়ে আঁকা প্রতিযোগিতা হবে। সেইসঙ্গে বৃহস্পতিবার আতসবাজির প্রদর্শনী হবে। ওই আতসবাজি পোড়ানো দেখতে আরামবাগ শহর ছাড়াও গ্রামাঞ্চলের বহু মানুষ ভিড় জমান। এছাড়া, যাত্রাপালা, সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হবে। বনকাপাশি থেকে ডাকের সাজ এনে সাবেকি জগদ্ধাত্রী প্রতিমা সাজানো হয়েছে। পুজোর বাজেট প্রায় ২০লক্ষ টাকা। হাইস্কুলের মাঠে একাধিক খাবারের দোকানও থাকছে।
ক্লাবের সম্পাদক গৌরীশংকর ঘটক বলেন, দক্ষিণ ২৪ পরগনা থেকে অত্যাধুনিক গ্রিন আতসবাজি আনা হয়েছে। প্রচুর ভিড় হয় বলে মাঠের মাঝে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে।
আরামবাগ শহরের গৌরহাটি মোড়ে ত্রিধারা সম্মিলনীর পুজো নবম বর্ষে পা দিয়েছে। উদ্যোক্তারা জানান, দক্ষিণ ভারতের মন্দিরের আদলে পুজোর মণ্ডপ তৈরি হয়েছে। মন্দিরের চূড়ায় থাকছেন আদিযোগী। মণ্ডপের থিমে বিশেষ লাইট ও সাউন্ড শো হবে। পুজোর বাজেট প্রায় ১৭লক্ষ টাকা। পুজো কমিটির যুগ্ম সম্পাদক দেবল দে, সুকান্ত হালদার বলেন, সুউচ্চ দেবীপ্রতিমা তৈরি হয়েছে। এবার আমাদের জগদ্ধাত্রী পুজো আরামবাগের মানুষের নজর কাড়বে।
গৌরহাটি মোড়ে প্রগতি চক্রের পুজোও এবার দর্শক টানবে। উদ্যোক্তারা জানান, জগদ্ধাত্রী পুজোয় থিম ‘ফিরে দেখা ৯০-এর দশক’। এই থিমের মাধ্যমে গ্রাম-শহর থেকে হারিয়ে যাওয়া নানা স্মৃতি দর্শনার্থীদের মনে করিয়ে দেওয়া হবে। নবীন প্রজন্মও কয়েকদশক আগে হারিয়ে যাওয়া নানা সামগ্রী দেখতে পাবে। খড়ের মণ্ডপে পিয়ানো, টেপ রেকর্ডার, ক্যামেরা, হ্যাজাক, গোরুর গাড়ি, পুরনো দিনের কয়েন প্রভৃতি থাকবে। মণ্ডপ চত্বর টালি দিয়ে সাজানো হবে।
পুজো কমিটির সদস্য সৌমেন মিত্র বলেন, ভুলে যাওয়া দিন মনে করিয়ে দিতেই এমন থিম বেছে নিয়েছি। দর্শনার্থীরা আমাদের মণ্ডপ দেখে নস্টালজিয়ায় ডুবে যাবেন। এছাড়া, পুরাতন বাজারে বিশ্বদূত ক্লাব নিষ্ঠার সঙ্গে পুজো ও নানা অনুষ্ঠান আয়োজন করছে। বাসুদেবপুর আমরা সবাই ক্লাব পুজোর পাশাপাশি অনুষ্ঠান ও নানা সমাজসেবামূলক কাজ করবে।



