পাপ্পা গুহ, উলুবেড়িয়া: দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। সব জায়গাতেই এখন প্রতিমা থেকে মণ্ডপ তৈরির ব্যস্ততা তুঙ্গে। এই ব্যস্ততা থেকে বাদ যায়নি উলুবেড়িয়াও। গত কয়েক বছরের মত এবারও একাধিক পুজো থিমের মোড়কে সাজিয়ে তুলছে পুজো মণ্ডপ। যার মধ্যে অন্যতম উলুবেড়িয়ার নোনা অ্যাথলেটিক ক্লাব। এই পুজো মহিলা পরিচালিত। এবার ১১তম বছরে পা দিল। প্রায় ১৪ লক্ষ টাকার মতো বাজেট। এবছর পুজোর থিম ‘জীবন চক্র’। পুজোর সম্পাদক কুহেলী বোস (ঘোষ) জানান, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে জীবনচক্র চলে তা বিভিন্ন চিত্র দিয়ে ও মডেলের মাধ্যমে তুলে ধরা হবে। একটি শিশুর মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করা থেকে কিশোর বয়সে পৌঁছনো দেখানো হবে। তারপর তার কর্মজীবন। তা শেষ করে বার্ধক্য। শেষে মৃত্যুর পর পঞ্চভূতে বিলীন হওয়া। মণ্ডপে এসবই দেখতে পাবেন দর্শনার্থীরা। মণ্ডপ শুধু নয় প্রতিমাতেও থাকছে চমক। মহালয়ার দিন পুজোর উদ্বোধন। জয়পুরের একটি বৃদ্ধাশ্রমের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া হবে। এছাড়া আনন্দ ভবন ডেফ অ্যান্ড ব্লাইন্ড স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রছাত্রীদের হাতে খেলার সামগ্রী তুলে দেবে পুজো কমিটি।



