রামমন্দির থেকে রবি ঠাকুরের ‘হাট’ কবিতা, হরেক থিমে সাজছে মণ্ডপ
  • ১২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

টোটন বর্মন, শীতলকুচি: শীতলকুচি ব্লকে বিগবাজেটের দুর্গাপুজোগুলিতে থাকছে থিমের চমক। তবে অভিনব ভাবনায় নজর কাড়তে প্রস্তুত গ্রামীণ এলাকার পুজো উদ্যোক্তারা। ছোটো শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের দেওয়ানকোর্ট জয়দুয়ার গ্রামের নবজ্যোতি সংঘ অভিনব ভাবনায় তাদের মণ্ডপসজ্জা করছে। ৩০তম বর্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হাট’ কবিতার অনুকরণে সেজে উঠছে পুজো মণ্ডপ। কবিতার পঙক্তিতে বর্ণিত হাটের পরিবেশ, গ্রামবাংলার ঐতিহ্য এবং মানুষের দৈনন্দিন জীবনের নানা দিক মণ্ডপসজ্জায় বিশেষভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। প্রত্যেক বছর কমিটির সদস্যরাই থিম ফুটিয়ে তোলার কাজ করেন। কমিটির কোষাধ্যক্ষ কমল বর্মন বলেন, দেড় মাস ধরে থিমটি ফুটিয়ে তুলতে আমাদের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করেছেন। এ বছর পুজোর বাজেট পাঁচ লক্ষ টাকা। বড়োদের পাশাপাশি ছোটোদেরও আমাদের পুজো ভালো লাগবে। 

Advertisement

অপরদিকে, সামাজিক সচেতনতার বার্তা নিয়ে দর্শনার্থীদের নজর কাড়তে প্রস্তুত গোঁসাইরহাট গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের প্রফুল্ল সংঘ। এ বছর ৩৪তম বর্ষে তাদের পুজোর থিম বাল্যবিবাহ রোধ ও বৃদ্ধাশ্রম। পুজো কমিটির সম্পাদক তরণীকান্ত দাস জানান, বাল্য বিবাহ কিশোর ও কিশোরীদের শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করে। এছড়াও বৃদ্ধ বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রাখলে তারা কি অনুভব করেন, তা পুজো মণ্ডপে ফুটিয়ে তোলা হবে। এতে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা গড়ে উঠবে। 
আক্রারহাট দুর্গা মন্দির কমিটির পুজো এ বছর ৯০তম বর্ষে। পুজো কমিটির তরফে দীপক বর্মন বলেন, এ বছর আমাদের পুজোর থিম অযোধ্যার রামমন্দির। এছাড়াও রাম-সীতার বনবাসের থিম ফুটিয়ে তোলা হচ্ছে। সব মিলিয়ে পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে বলেই আশাবাদী পুজো উদ্যোক্তারা।