বাঙালির কার্টুনে রাজনীতি থেকে প্রতিবাদ! যোধপুর পার্কের ‘কার্টুন মেলা’য় ইতিহাসের দীর্ঘ যাত্রাপথ
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতায় তখন ভরা ভাদ্র মাস। ১৩৩৩ বঙ্গাব্দ। বৃষ্টি-বাদলের কারণে কলকাতার রাস্তা জলময়। হয়ত সেকালে কলকাতা কর্পোরেশনের বিরুদ্ধে রাস্তায় জমা জল নিয়ে ক্ষোভ জমেছিল মানুষের মনে। সেই ক্ষোভকেই কার্টুনে তুলে ধরেছেন এক বাঙালি। তাঁর নাম সতীশচন্দ্র সিংহ। কার্টুনে আঁকলেন এক ভুঁড়িওয়ালা বাঙালি ছাতা হাতে জলে পড়ে কুপোকাত্। ছড়া লিখলেন, ‘বৃষ্টি তো আর মুন্সীপালের নিজের সৃষ্টি নয়, ভুঁড়ি নিয়ে কেন পথ চল মহাশয়।’ তারপর ১৯৫৯ সালে লোকসভার স্বতন্ত্র সদস্য এস এম বন্দ্যোপাধ্যায় শ্লেষাত্মক ভঙ্গিতে বলেছিলেন, মধ্যবিত্ত লোকেরা একমাসের মধ্যে ক্যাপিটালিস্ট, সোশ্যালিস্ট, কমিউনিস্ট ও শেষে টেরোরিস্ট হয়ে যান। সেকথাই কার্টুনের মাধ্যমে তুলে ধরেছিলেন প্রফুল্লচন্দ্র লাহিড়ী। এভাবেই বাঙালির রাজনীতি, রোজনামচা, প্রতিবাদের ভাষা যুগে যুগে কার্টুনের মাধ্যমে উঠে এসেছে। কেমন ছিল সেসব কার্টুন? কার্টুন দলের উদ্যোগে দক্ষিণ কলকাতার যোধপুর পার্কের দি বেঙ্গল স্টোরে শুরু হয়েছে কার্টুন মেলা। চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। যেখানে গেলে দেখা মিলবে এইসব কার্টুনের।

Advertisement

প্রয়াত কার্টুনিস্ট অমল চক্রবর্তীর স্মৃতিতে এই মেলার নাম রাখা হয়েছে ‘অমল স্মৃতি কার্টুনমেলা’। এই বছর অমল স্মৃতি পুরস্কার দেওয়া হয়েছে কার্টুনিস্ট মলয় মুখোপাধ্যায়কে (অভি)। কার্টুন দলের তরফে ঋতুপর্ণ বসু, উদয় দেব বলছিলেন, ‘অরিজিনাল আর্টওয়ার্ক ছাড়াও প্রফুল্লচন্দ্র লাহিড়ীর অরিজিনাল কার্টুন, বহু দুষ্প্রাপ্য বই রয়েছে। সকলেই যে বই, ম্যাগাজিন কিনবেন, এমন তো নয়। আমরা কার্টুনকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন জিনিস রেখেছি। সেটা ফ্রিজ ম্যাগনেট, ডায়েরি সহ অনেক কিছু। পাশাপাশি কার্টুন নিয়ে ওয়ার্কশপও চলছে।’ মেলার মূল উদ্দেশ্য মানুষকে কার্টুনচর্চায় উত্সাহিত করা। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় মিমের যুগে ১৯২৩ সালের কার্টুনে কটাক্ষ কীভাবে হয়েছিল? দীনেশরঞ্জন দাশ আঁকলেন দু’টি পশুর মতো দেখতে মানুষের ছবি। যেখানে লেখা, ‘মার্কিন (ইংল্যান্ডের প্রতি): আমরা দুটি ভাই আর কিছু না চাই, সারা ভারত ভাগ করে নে, যে যার বাড়ি যাই।’
রবিবার দুপুরে দি বেঙ্গল স্টোরে গিয়ে দেখা গেল, কার্টুন নিয়ে খুদেদের মধ্যেও কিন্তু উত্সাহ তুঙ্গে। কর্মশালায় অংশ নিয়ে কার্টুন এঁকে তারা বাড়ি ফিরল।  নিজস্ব চিত্র