জগদ্ধাত্রী আরাধনায় মেতেছে ফলতা থেকে বারুইপুর
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর ও বজবজ: চন্দননগর ও কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর রমরমা আছে। এছাড়াও এখন বারুইপুর ও ফলতাতেও বাড়ছে জগদ্ধাত্রী পুজোর সংখ্যা। অনেক জায়গাতেই থিমের পুজো হচ্ছে। কার পুজো দর্শক টানবে বেশি তা নিয়ে উদ্যোক্তাদের মধ্যে চলছে জোরদার প্রতিযোগিতা।  

Advertisement

বারুইপুর নতুনপাড়ায় নতুন ভোর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ফি বছরের মতো এবারও চমক দিচ্ছে। তাদের পুজোর বয়স পাঁচ বছর। প্রতিমা তৈরি করেছেন পদ্মশ্রী প্রাপ্ত সনাতন রূদ্র পাল। প্রতিমায় পরানো হয়েছে ১৪ ভরি সোনা ও রুপোর গয়না। পুজো কমিটির কর্মকর্তা সজল মিত্র বলেন, ‘কর্ণাটকের দেবালয় মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। এছাড়া বারুইপুর সাহা পাড়া নবরুপা উৎসব সংঘের পুজো এবার ২৭ বছরে পা দিয়েছে। গো চরণের গণেশ বাইনের মূর্তি এবার নজর কাড়বে। এর পাশাপাশি বারুইপুরের আটঘড়া নারী শক্তির উদ্যোগে এই প্রথম মহিলারা করছেন পুজো। কমিটির সদস্য শেফালি মণ্ডল বলেন, ‘নবমীর দিন হবে কুমারী পুজো।’ এছাড়া ১ নম্বর ওয়ার্ডের শীতলা মন্দির ট্রাস্ট কমিটি এবছর জগদ্ধাত্রীর আরাধনা করছে। কমিটির কর্মকর্তা মনোজিৎ মণ্ডল বলেন, ‘পুজো উদ্বোধন হয়ে গিয়েছে।’ আর বৈদ্যপাড়া ১৬ পল্লির পুজো পা দিল ২০ বছরে। কমিটির সদস্য অর্ঘ্য রায় বলেন, ‘এবারের ভাবনা পিতৃ দেব ভবো।’ মগরাহাটের শিবপুর নবারুণ সংঘ ওয়েলফেয়ার ট্রাস্ট ১২ বছর 
ধরে পুজো করছে। কমিটির দেবব্রত নন্দী, গণেশ লাহা বলেন, ‘১৩ ফুট উচ্চতার মা সিংহবাহিনী আমাদের আকর্ষণ।’ গোড়খাড়া অধিবাসী বৃন্দ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুজো ২০ বছরে পা দিল।
 অন্যদিকে ফলতায় পুজোর রমরমা। হাসিমনগরের সহযাত্রী সংঘ বরাবর নতুন ভাবনা উপহার দেয়। এবার ২৭ বছরে পা দিল পুজো। এবারের ভাবনা, জলের আর এক নাম জীবন। এই অঞ্চলে প্রথম থিম শুরু হয়েছিল সহযাত্রী থেকে। বাণেশ্বরপুর বেরাপাড়া জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্য তীর্থ রায় বলেন, ‘এবার ১৬ বছরে পা দিয়েছে পুজো। এবারের ভাবনা, আলোর পথে দেবীর আগমন।’ বটতলা উন্নয়নের পুজো ৩৬ বছরে পড়েছে। তাদের ঘরানা সাবেক। নিয়ম ও নিষ্ঠা সহকারে হয় পুজো। এর পাশাপাশি পাত্রপাড়া নবজাগরণ জগদ্ধাত্রী পুজোর সদস্যা অসীমা পাত্র বলেন, ‘আমার শাশুড়ি পুজোর সূচনা করেছিলেন। এখন বউমা হিসাবে দায়িত্ব পালন করছি।’ এবার পুজো ২৮ বছরে পা দিয়েছে। থিম হল, সময় সন্ধান।