Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ভাটপাড়া থেকে বিরাটি, উৎসবেও দেদার অশান্তি ছড়াল এলাকাজুড়ে

ভাটপাড়া থেকে বিরাটি, উৎসবেও দেদার অশান্তি ছড়াল এলাকাজুড়ে
  • ১৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: দোলের দিনও বাদ গেল না! ভাটপাড়া পুরসভা এলাকায় ঘটনা একাধিক সংঘর্ষ, গোলমালের ঘটনা। মারধর থেকে ধারালো অস্ত্রের কোপ—বাদ গেল না কিছুই। পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের নেতাজিনগর কলোনি এলাকায় সঞ্জয় বাড়ুই নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে এনে কোপানো হয়। গালে ও মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। কল্যাণীর জেএনএম মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। এই হামলা চালানোর অভিযোগে রাকেশ মণ্ডল ও সৌরভ হালদার ওরফে সুরজ নামে দু’জনকে গ্রেপ্তার করেছে জগদ্দল থানার পুলিস। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত রাকেশের সঙ্গে সঞ্জয়ের এক বন্ধুর দোলের দিন দুপুরে কোনও কারণে ঝামেলা হয়। তখনকার মতো তা মিটে গেলেও তার রেশ ধরে সঞ্জয়ের বন্ধুরা সন্ধ্যার পর নেতাজিনগর কলোনির বলিরমাঠ এলাকায় রাকেশের বাড়িতে গিয়ে বচসা বাধায় বলে অভিযোগ। সেই গোলমালের জেরেই সঞ্জয়ের উপর রাকেশ, সৌরভ ও সোমনাথ হালদার হামলা চালায় বলে অভিযোগ। তাঁর গালে আটটি সেলাই পড়েছে। এই ঘটনার পর উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রাকেশের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর হয়। আক্রান্তের স্ত্রী সোনালী বাড়ুই জানিয়েছেন, স্বামীকে কোপানোর ঘটনা তাঁর মেয়ের চোখের সামনে ঘটেছে। তারপর থেকে মেয়ে আতঙ্কে ভুগছে।

Advertisement

এদিকে, শুক্রবার রাতে ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে অকল্যান্ড মিলের কাছে প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের আত্মীয় তথা বিজেপি কর্মী অশোক সিংকে মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল কাউন্সিলারের দলবলের বিরুদ্ধে অভিযোগ। অভিষেক চৌধুরী নামে একজনকে গ্রেপ্তার করেছে জগদ্দল থানার পুলিস। দলীয় কর্মীর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম জানিয়েছেন, ‘এটা কোনও রাজনৈতিক বিবাদ নয়। মদ্যপ অবস্থায় দু’পক্ষের বিবাদ।’ নয়াবাজারে দোলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালে পুলিসকে লাঠিচার্জ করতে হয়।
এদিকে, বিরাটিতে দেওয়ালে প্রস্রাব করার প্রতিবাদ করায় নিগৃহীত হতে হয়েছে কল্যাণ পাল নামে এক তৃণমূল কর্মীকে। অভিযোগের তির স্থানীয় কাউন্সিলার শেলী হালদার ও তাঁর কন্যা তথা তৃণমূল কর্মী সুনন্দা হালদারের দিকে। হাতে বাঁশ নিয়ে সুনন্দাদেবীর ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনায় নিমতা থানা একজনকে গ্রেপ্তার করেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ