সংবাদদাতা, উলুবেড়িয়া: ফের নদী ভাঙন শ্যামপুর ১ ব্লকের বেলাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসুদেবপুরে। শনিবার রাতে অমাবস্যার কোটালে আবার ২০ ফুট নদীবাঁধ ধসে যায়। নতুন করে আতঙ্ক ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। খবর পেয়ে রবিবার সকালেই এলাকায় যান সেচদপ্তরের অফিসাররা। পুলিশের পক্ষ থেকে মাইকিং করে এলাকাবাসীদের সতর্ক করা হয়।
সপ্তাহ দুয়েক আগে এই এলাকাতেই প্রায় ৬০ ফুট নদীবাঁধ তলিয়ে গিয়েছিল। তখন সেচদপ্তরের পক্ষ থেকে দ্রুত বাঁধ মেরামতের উদ্যোগও নেওয়া হয়। নদীর পাড়ে বাঁশের খাঁচা পাতার পাশাপাশি বস্তার মধ্যে ইটের টুকরো ভর্তি করে নদীর পাড়ে ফেলা হয়। তাছাড়া জিও শিট দিয়ে নদীর পাড় ঢেকে দেওয়া হয়।
সূত্রের খবর, নদী ভাঙন রোধে আজ, সোমবার পোর্ট ট্রাস্ট্রের অফিসারদের সঙ্গে সেচদপ্তরের অফিসারদের বৈঠক হওয়ার কথা। তবে হুগলি নদীর পশ্চিম পাড়ে বিভিন্ন জায়গায় ভাঙনের কারণ খুঁজতে নতুন তথ্য সামনে আসছে। সেটা হল এই নদীর ডিপ চ্যানেল। বছর দেড়েক আগেও বাসুদেবপুর গ্রামে পশ্চিম পাড় থেকে ডিপ চ্যানেলের দূরত্ব ছিল প্রায় ৫৫০ ফুট। সেটা বর্তমানে কমে দাঁড়িয়েছে মাত্র ১৩০ ফুট। ফলে নদীবাঁধের উপর স্রোতের চাপ বাড়ছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, হুগলি নদীর পূর্ব পাড়ের দিকে চড়া পড়ায় জাহাজ পশ্চিম পাড় ঘেঁষে যাচ্ছে। ফলে ঢেউয়ের ধাক্কায় পশ্চিম পাড়ের বাঁধে ক্ষতি হচ্ছে। নদী ড্রেজিং না করলে এই সমস্যা মিটবে না বলেও দাবি করেন এলাকাবাসীরা। প্রসঙ্গত, ২০২২ সালে ব্যাপক ভাঙনের কবলে পড়ে পূর্ব বাসুদেবপুর গ্রামের কয়েকশো মিটার নদীবাঁধ। পরবতী পর্যায়ে সেচদপ্তর দ্রুত বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়ায় বর্তমানে ওই এলাকায় ভাঙন দেখা না দিলেও তার থেকে কয়েক কিলোমিটার মধ্যেই নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এতে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা।