Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দাঁতনে জাতীয় সড়কে লাগাতার দুর্ঘটনা, আন্ডারপাস তৈরির দাবি

দাঁতন থানার মনোহরপুর বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় সড়কে লাগাতার দুর্ঘটনার জেরে জোরালো হল আন্ডারপাস তৈরির দাবি। স্থানীয়দের অভিযোগ, এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

দাঁতনে জাতীয় সড়কে লাগাতার দুর্ঘটনা, আন্ডারপাস তৈরির দাবি
  • ৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা বেলদা: দাঁতন থানার মনোহরপুর বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় সড়কে লাগাতার দুর্ঘটনার জেরে জোরালো হল আন্ডারপাস তৈরির দাবি। স্থানীয়দের অভিযোগ, এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দীর্ঘদিন ধরে আন্ডারপাস নির্মাণের দাবি করা হলেও তা শোনা হয়নি। তাই এবার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি, জাতীয় সড়ক কর্তৃপক্ষকে এ বিষয়ে চিঠি লিখছেন দুই বিধায়ক। বিষয়টি নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণও করা হবে বলেও তাঁরা জানিয়েছেন। 

Advertisement

দাঁতন থানার মনোহরপুর বাসস্ট্যান্ড একটি জনবহুল এলাকা। এই বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রয়েছে ঐতিহাসিক মোগলমারি বৌদ্ধবিহার। এই এলাকা থেকে সহজেই রেলওয়ে লেভেল ক্রসিং পেরিয়ে যাওয়া যায় দাঁতন-২ ব্লকের সাবড়া হয়ে মোহনপুর। পাশাপাশি যাওয়া যায় কেশিয়াড়ি ব্লকের ভসরাঘাট হয়ে নয়াগ্রাম। প্রতিনিয়ত এই বাসস্ট্যান্ডের উপর দিয়ে কয়েক হাজার মানুষ যাতায়াত করে। ভিড় হয় পর্যটকদের। জাতীয় সড়কের উপরে থাকা গুরুত্বপূর্ণ এই বাসস্ট্যান্ডে প্রায়শই লেগে থাকছে দুর্ঘটনা। জাতীয় সড়ক পেরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছে পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ। সম্প্রতি এই দুর্ঘটনা রোধে একাধিক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। বন্ধ করে দেওয়া হয়েছে জাতীয় সড়কের কাটিং। সিগন্যালিং ব্যবস্থা ও ড্রপগেট করছে ট্রাফিক পুলিস। কিন্তু তেমনভাবে রাশ টানা যাচ্ছে না দুর্ঘটনায়। এলাকার বাসিন্দারা জানান, জাতীয় সড়কে আন্ডারপাস তৈরি না করলে এই সমস্যার সমাধান হবে না। দ্রুত এই দাবি নিয়ে গণস্বাক্ষর সংগ্রহ করে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। 
দাঁতন-১ ব্লকের এই এলাকা কেশিয়াড়ি বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। কেশিয়াড়ির বিধায়ক পরেশচন্দ্র মুর্মু বলেন, সোমবার থেকে বিধানসভায় বাদল অধিবেশন শুরু হচ্ছে। বিষয়টি নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। পাশাপাশি জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রীকে এ বিষয়ে চিঠি লিখছি। 
ওই এলাকার বাসিন্দা দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান বলেন, মনোহরপুর বাসস্ট্যান্ড এলাকা অনেকটাই লম্বা ও জনবহুল। এই এলাকায় উড়ালপুল কিংবা আন্ডারপাস না তৈরি করা হলে এভাবে দুর্ঘটনার মুখে পড়তে হবে সাধারণ মানুষকে। আমি এর আগেও বহুবার জাতীয় সড়ক কর্তৃপক্ষকে অবগত করিয়েছি। যাতে দ্রুত উড়ালপুল কিংবা আন্ডারপাস তৈরির ব্যবস্থা করা হয় তার জন্য আবারও চিঠি লিখছি। জাতীয় সড়ক কর্তৃপক্ষের এক আধিকারিক বলেন, খড়্গপুর থেকে বালেশ্বর, এই জাতীয় সড়ক খুব শীঘ্রই ছয় লেনের করা হবে। আর সেই সময় প্রস্তাব এলে এ বিষয়ে ভাবনা চিন্তা করা হতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ