শ্যামলেন্দু গোস্বামী, বারাসত: জামতাড়ায় বসে অপারেশন। কলকাতার অ্যাকাউন্টে জমা পড়ত টাকা। নিমেষে সেই টাকাও তুলে নিত গ্যাংয়ের সদস্যরা। নাবালকদের গেম খেলার প্রলোভন দেখিয়ে সংগ্রহ করা হত ব্যক্তিগত নথি। তা দিয়ে খোলা হত ব্যাংক অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের দখল চলে যেত ঝাড়খণ্ডের জামতারা গ্যাংয়ের হাতে। এমনই আন্তঃরাজ্য প্রতারণা চক্রের পর্দাফাঁস করেছে আমডাঙা থানার পুলিশ। জামতারা গ্যাংয়ের দুই সদস্য সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তদন্তে জানা গিয়েছে, অনলাইনে কাস্টমার কেয়ারের নম্বর খুঁজতে গিয়ে প্রতারকদের ফাঁদে পা দিচ্ছেন অনেকে। মুহূর্তের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও করছে সাইবার প্রতারকরা। আমডাঙায় সাইবার প্রতারণার তদন্তে নেমে এমনই চক্রের হদিশ পেয়েছে পুলিশ। ধৃতদের জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। সূত্রের দাবি, ঝাড়খণ্ডের জামতারা থেকে পরিচালিত হয় গ্যাং। তবে, প্রতারণার টাকা সরানোর জন্য ব্যবহার করা হত কলকাতার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট। আর সেই টাকা দ্রুত তুলে নেওয়ার জন্য কলকাতায় সক্রিয় ছিল ‘টু মিনিটস গ্যাং’।
কীভাবে মানুষকে ফাঁদে ফেলত এই চক্র? প্রতারণার প্রথম ধাপ শুরু হত অনলাইন থেকেই। বিভিন্ন ওয়েবসাইট থেকে সামগ্রী কেনার পর কোনো সমস্যা হলে গ্রাহকরা সংশ্লিষ্ট সংস্থার কাস্টমার কেয়ারে ‘হেল্প’-এর জন্য দ্বারস্থ হতেন। সেই সুযোগের অপেক্ষায় থাকত প্রতারকরা। বিভিন্ন সংস্থার নামে ভুয়ো আইডি তৈরি করে রাখা হত। কাস্টমার কেয়ারের নম্বর হিসাবে সেই যোগাযোগের নম্বরই সামনে আসত। ফলে সমস্যায় পড়া গ্রাহক বুঝতেই পারতেন না তিনি প্রতারকদের খপ্পরে পড়েছেন। কাস্টমার কেয়ারের কর্মী পরিচয়ে ফোনে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে কৌশলে হাতিয়ে নেওয়া হত বিভিন্ন নথি ও ব্যক্তিগত তথ্য। পরে পাঠানো হত লিংক। সেই লিংকে ক্লিক করলেই কেল্লাফতে। মুহূর্তের মধ্যে অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যেত টাকা। তবে প্রতারণার টাকা নিজেদের অ্যাকাউন্টে রাখত না চক্র। পুলিশের দাবি, মূলত কলকাতার একাধিক ব্যাংক অ্যাকাউন্টকে টাকা লেনদেনের মাধ্যম হিসাবে ব্যবহার করা হত। সেই অ্যাকাউন্টগুলির মালিক ছিল নাবালক বা নাবালিকারা। সেই অ্যাকাউন্টে টাকা আসার পর তা সরানোর জন্য হাতে সময় থাকত মাত্র দু’মিনিট! টাকা তোলার পরেই অ্যাকাউন্ট ক্লোজ করা হত। এজন্যই কলকাতায় সক্রিয় ছিল ‘টু মিনিটস গ্যাং।’ এভাবে প্রায় ২০-৩০ কোটি টাকার প্রতারণার প্রাথমিক হদিশ পেয়েছে পুলিশ। আমডাঙার তদন্তে এই তথ্য সামনে আসার পর এখন পুলিশের নজরে গোটা নেটওয়ার্ক। একদিকে জামতারায় বসে প্রতারণার ছক, আর কলকাতায় বসে টাকা তোলার পৃথক ব্যবস্থা। অর্থাৎ, গোটা প্রতারণার জাল ছিল কয়েকটি স্তরে সাজানো। সবটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।



