Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

দমদম অর্ডন্যান্স ফ্যাক্টরিতে চাকরির টোপ দিয়ে প্রতারণা, ধৃত অভিযুক্ত

দমদম অর্ডন্যান্স ফ্যাক্টরিতে চাকরি দেওয়ার নাম করে এক কলেজছাত্রের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে।

দমদম অর্ডন্যান্স ফ্যাক্টরিতে চাকরির টোপ দিয়ে প্রতারণা, ধৃত অভিযুক্ত
  • ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দমদম অর্ডন্যান্স ফ্যাক্টরিতে চাকরি দেওয়ার নাম করে এক কলেজছাত্রের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। গল্ফ গ্রিন থানা তদন্তে নেমে  মৃত্যুঞ্জয় প্রসাদ নামে এক অভিযুক্তকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে জাল স্ট্যাম্পসহ ভুয়ো নিয়োগপত্র। একটি প্রতারণা চক্র তৈরি করে এই কাজ চলছিল বলে জানতে পারছেন তদন্তকারীরা। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী ছাত্র ঝাড়খণ্ড থেকে কলকাতায় পড়তে এসেছেন। গল্ফ গ্রিন এলাকায় ঘরভাড়া নিয়ে থাকতেন। এখানে থেকে কলেজে পড়ার পাশাপাশি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁর এক কাকা উত্তর ২৪ পরগনার বেড়াচাঁপায় থাকেন। মাস ছয়েক আগে তাঁর পরিচিত এক যুবক তাঁকে জানায়, দমদম অর্ডন্যান্স ফ্যাক্টরিতে আপার ডিভিশন ক্লার্ক পদে লোক নেওয়া হবে। ওই দপ্তরে তার অনেক অফিসার চেনা রয়েছে। তাঁরাই নিয়োগের দায়িত্বে  রয়েছেন। সে তাদের সঙ্গে কথা বললে চাকরি হয়ে যাবে। তিনি যেন তাঁর পরিচিত কেউ থাকলে তাকে বিষয়টি জানান। ওই ব্যক্তি যুবককে কথায় কথায় জানিয়ে দেন, তাঁর ভাইপো এখানে থেকে সরকারি চাকরির জন্য পড়াশোনা করছে। একথা শোনার পর অভিযুক্ত গল্ফ গ্রিন এলাকায় এসে কলেজছাত্রের সঙ্গে দেখা করে। সে জানায় চাকরি হয়ে যাবে। বিভিন্ন নথি নেওয়ার পর প্রতারিত তরুণকে  বিহারের থানায় নিয়ে যায় পুলিশ ভেরিফিকেশনের জন্য। সেখান থেকে কিছুক্ষণ পর বেরিয়ে এসে জানায়, পুলিশ ভেরিফিকেশন হয়ে গিয়েছে। একই সঙ্গে কলকাতার একটি মেডিকেল কলেজে একই কায়দায় ভিতরে ঢুকে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করায়। দু’দফায় তাঁর কাছ থেকে এক লক্ষ টাকা নেওয়া হয় বলে অভিযোগ। দ্রুত নিয়োগপত্র দেওয়া হবে বলে আরও লক্ষাধিক টাকা নেয় অভিযুক্ত। সব মিলিয়ে তাঁর কাছ থেকে ২ লক্ষ ৭০ হাজার টাকা নেওয়া হয়েছিল। এরপর ওই তরুণকে নিয়োগপত্র দেওয়া হয়। সেটি নিয়ে আগস্ট মাসের শেষে ওই তরুণ কাজে যোগ দিতে যান। ফ্যাক্টরিতে গিয়ে জানতে পারেন যে নিয়োগপত্রটি জাল। মোবাইল বন্ধ করে দেয় অভিযুক্ত। পুলিশে অভিযোগ করেন প্রতারিত তরুণ। অভিযুক্তের মোবাইল ফোনের সূত্র ধরে অবস্থান চিহ্নিত করে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় দক্ষিণ কলকাতা থেকেই। ধৃত জেরায় জানিয়েছে, চাকরি দেওয়ার নাম করে তারা একটি প্রতারণা চক্র চালাচ্ছে। চক্রে কারা কারা জড়িত, জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ