


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পড়ে সাড়ে চার লক্ষ টাকা খুইয়েছিলেন এক বৃদ্ধ। এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রাজস্থান থেকে কিষান লাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে লালবাজার। ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে এসে মঙ্গলবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। জালিয়াতির টাকা তাঁর অ্যাকউন্টে এসেছিল বলে অভিযোগ। ওই বৃদ্ধকে সাইবার প্রতারকরা সিবিআই অফিসার পরিচয় দিয়ে ফোন করে বলেন, তাঁর নামে নিষিদ্ধ মাদক এসেছে। এয়ারপোর্টে ধরা পড়েছে। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তাঁকে গ্রেপ্তার করছে যাচ্ছে মুম্বই পুলিশ ও সিবিআই টিম। বৃদ্ধ ভয় পেয়ে যান। উদ্ধার পেতে কী করতে হবে জানতে চাইলে অভিযুক্তরা অ্যাকাউন্ট নম্বর পাঠায়। সেখানে টাকা পাঠাতে বলে। তাদের কথামতো তিনি সাড়ে চার লক্ষ টাকা পাঠান। তারপরেও টাকা দাবি করায় বৃদ্ধ অভিযোগ করেন থানায়।