Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বকাপের বাছাই পর্বে জয়ী ফ্রান্স, জার্মানি

বিশ্বকাপ বাছাই পর্বে ফ্রান্সের দাপট অব্যাহত। শুক্রবার ঘরের মাঠে আজারবাইজানকে ৩-০ ব্যবধানে সহজে বশ মানাল দিদিয়ের দেশঁর ছেলেরা

বিশ্বকাপের বাছাই পর্বে জয়ী ফ্রান্স, জার্মানি
  • ১২ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্যারিস: বিশ্বকাপ বাছাই পর্বে ফ্রান্সের দাপট অব্যাহত। শুক্রবার ঘরের মাঠে আজারবাইজানকে ৩-০ ব্যবধানে সহজে বশ মানাল দিদিয়ের দেশঁর ছেলেরা। ম্যাচে স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে কিলিয়ান এমবাপে, আদ্রিয়ান র‌্যাবিয়ট ও ফ্লোরিয়ান তোভাঁ। এই জয়ের সুবাদে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ ডি’তে শীর্ষস্থান ধরে রেখেছে দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাছাই পর্বের পরবর্তী ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হবে দেশঁ ব্রিগেড। তবে শুক্রবার আজারবাইজানের বিরুদ্ধে গোড়ালিতে চোট পাওয়ায় সেই ম্যাচ থেকে ছিটকে গেলেন এমবাপে। ম্যাচের ৮৩ মিনিটে মাঠ ছাড়েন এই ফরাসি তারকা। এরপর ফ্রান্স ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তাঁর চোটের বিষয়টি নিশ্চিত করা হয়ছে। উল্লেখ্য, এর আগেই একই জায়গায় চোট পেয়েছিলেন এমবাপে। তাই তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিয়ে নারাজ কোচ দেশঁ।

Advertisement

দিনের অপর ম্যাচে লুক্সেমবার্গকে চার গোলের মালা পরাল জার্মানি। জোড়া গোলে ম্যাচের নায়ক জোসুয়া কিমিচ। এছাড়া স্কোরশিটে নাম তোলেন ডেভিড রম ও সের্গে নাব্রি। এই জয়ের সুবাদে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ-এ’তে শীর্ষে উঠে এল চারবারের বিশ্বচ্যাম্পিনরা। উল্লেখ্য, ম্যাচে প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে আরও বড় জিততে পারত জুলিয়ন নাগেলসম্যানের ছেলেরা। এদিকে, বিশ্বকাপের বাছাই পর্বে পয়েন্ট খোয়াল বেলজিয়াম। শুক্রবার ঘরের মাঠে উত্তর ম্যাসেডোনিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করলেন কেভিড ডি ব্রুইনরা। ম্যাচে একচ্ছত্র দাপট দেখিয়েও গোল তুলে নিয়ে ব্যর্থ রডি গার্সিয়া-ব্রিগেড। এই ড্রয়ের ফলে ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপ-জে’তে দ্বিতীয় স্থানে রইল ‘দ্য রেড ডেভিলস’। এক ম্যাচ বেশি খেলে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে উত্তর ম্যাসেডোনিয়া।

Advertisement
সম্পর্কিত সংবাদ