Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ চতুর্থ টি-২০, সিরিজ জয়ে চোখ ভারতের

আর দু’মাসও বাকি নেই টি-২০ বিশ্বকাপের। ঘরের মাঠে কাপযুদ্ধে নামার আগে গতবারের বিশ্বজয়ীদের সমস্যা প্রধানত দুটো। ওপেনিংয়ে শুভমান গিলের রান না পাওয়া।

আজ চতুর্থ টি-২০, সিরিজ জয়ে চোখ ভারতের
  • ১৭ ডিসেম্বর, ২০২৫ ১৬:১২
Prefer us on Google

লখনউ: আর দু’মাসও বাকি নেই টি-২০ বিশ্বকাপের। ঘরের মাঠে কাপযুদ্ধে নামার আগে গতবারের বিশ্বজয়ীদের সমস্যা প্রধানত দুটো। ওপেনিংয়ে শুভমান গিলের রান না পাওয়া। আর ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের কেরিয়ারের সবচেয়ে লম্বা অফ ফর্ম। বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে নামার আগে কোচ গৌতম গম্ভীরকে নিশ্চিতভাবেই এগুলো ভাবাচ্ছে। 

Advertisement

পাঁচ ম্যাচের সিরিজে এই মুহূর্তে ২-১ এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। একানা স্টেডিয়ামে সিরিজ পকেটে পোরার জেদ সঙ্গী দলের। তবে এই সফরে প্রোটিয়ারা বারবার লড়াকু মানসিকতার পরিচয় রেখেছে। টেস্টে সিরিজে ২-০ দুরমুশ করেছে ভারতকে। তিন ম্যাচের ওডিআই সিরিজ খুইয়েছে নির্ণায়ক ম্যাচে। আর টি-২০ সিরিজেও মুল্লানপুরে দাপটে জিতেছে। আইডেন মার্করামরা লখনউয়ে সিরিজ ২-২ করতে সেজন্যই মরিয়া। অবশ্য গত বছরের জুনে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে নাটকীয়ভাবে পরাজয়ের পর এই ফরম্যাটে তেমন ধারাবাহিক নয় নেলসন ম্যান্ডেলার দেশ। এই সময়কালে ২৮ ম্যাচের মধ্যে হেরেছে ১৮টিতেই। চলতি সিরিজেও হেরেছে দুটো ম্যাচ। তার উপর প্রথম এগারো নিয়ে ক্রমাগত পরীক্ষাও সমস্যা বাড়িয়েছে। ধরমশালাতেই যেমন প্রথম এগারোয় তিনটি পরিবর্তন হয়। যাতে ডেল স্টেইনের মতো কিংবদন্তি পেসারও হকচকিয়ে যান। এখন এটাই দেখার. এই ম্যাচে ডেভিড মিলারকে দলে ফেরানো হয় কিনা।
ভারতীয় দলে অবশ্য পরিবর্তনের বিশেষ সম্ভাবনা নেই। অক্ষর প্যাটেল অসুস্থতার জন্য ছিটকে গিয়েছেন সিরিজ থেকে। পরিবর্তে দলে এসেছেন শাহবাজ আহমেদ। কিন্তু তাঁর ঠিকানা সম্ভবত ডাগ-আউটেই। কুলদীপ যাদবই খেলবেন। পরিবারের এক সদস্যের হাসপাতালে ভর্তি হওয়ার কারণে তড়িঘড়ি বাড়ি ফিরে গিয়েছিলেন যশপ্রীত বুমরাহ। তাঁর খেলা নিয়ে ধোঁয়াশা রয়েছে। শিবম দুবেও রহস্য রেখেছেন। ম্যাচের আগের দিন মিডিয়ার সামনে বলেছেন, ‘শুনেছি বুমরাহ খেলতে পারে। কিন্তু ১০০ শতাংশ নিশ্চিত নই।’ অবশ্য হর্ষিত রানা ধরমশালায় নতুন বলে যেভাবে আঘাত হেনেছেন, তাতে বুমরাহর অভাব একেবারেই অনুভূত হয়নি। ‘ম্যাচের সেরা’ অর্শদীপ সিং’ও ছিলেন সেরা ছন্দে। কার্যত ভারতীয় বোলাররা আগাগোড়া চাপে রাখেন বিপক্ষ ব্যাটারদের। সেই ফাঁস খুলতে পারেননি মার্করামরা।
লখনউ অবশ্য পাহাড়ে ঘেরা নয়। কনকনে ঠান্ডাও নেই। তাই পেসারদের জন্য ধরমশালার মতো সুবিধা থাকবে না। ফলে বেশি রানের মোকাবিলা দেখা যেতেই পারে। তবে শিশিরের কারণে পরে বোলিং কঠিন হয়ে পড়বে। টস সেজন্যই গুরুত্বপূর্ণ।
 ম্যাচ শুরু সন্ধে ৭টায়। সম্প্রচার 
স্টার স্পোর্টস ও জিওহটস্টারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ