Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

পাকা রাস্তার দাবিতে ভিকাহারে চারঘণ্টা রাজ্যসড়ক অবরোধ

পাকা রাস্তার দাবিতে তপনের ভিকাহার বাসস্ট্যান্ডে চার ঘণ্টা ধরে তপন-নালাগোলা রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা।

পাকা রাস্তার দাবিতে ভিকাহারে চারঘণ্টা রাজ্যসড়ক অবরোধ
  • ১৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তপন: পাকা রাস্তার দাবিতে তপনের ভিকাহার বাসস্ট্যান্ডে চার ঘণ্টা ধরে তপন-নালাগোলা রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। তাঁদের বক্তব্য, রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভিকাহার মিশনমোড় থেকে বাকডৈল পর্যন্ত প্রায় ৯৫০ মিটার রাস্তার মাত্র ৩০০ মিটার ঢালাই করা হয়েছে। বাকি ৬৫০ মিটার রাস্তা এখনও কাঁচা। বর্ষাকালে কর্দমাক্ত রাস্তায় চলাও দুষ্কর। কোনও গাড়ি গ্রামের মধ্যে প্রবেশ করতে পারে না। দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধানে একাধিকবার আবেদন জানানো হলেও কোনও স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি।

Advertisement

বিক্ষোভকারী আলিমুদ্দিন মোল্লা বলেন, রাস্তাটি আর যাতায়াতের উপযোগী নেই। গাড়ি তো দূরের কথা, মানুষই ঠিকভাবে চলতে পারে না। বছরের পর বছর এই দুর্ভোগ চলছে। এখনই ব্যবস্থা না নিলে বর্ষায় অবস্থা আরও খারাপ হবে। বাধ্য হয়ে পথ অবরোধ করেছি। স্থানীয় আরেক বাসিন্দা মোফাজ্জল হোসেন চৌধুরীর কথায়, বহুবার বিভিন্ন দপ্তরে আবেদন জানানো হয়েছে। কিন্তু কোনও কাজ হচ্ছে না।  অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তপন থানার পুলিস। পরে ব্লক প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত হয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং রাস্তাটি দ্রুত নির্মাণের আশ্বাস দেন। এরপরই বাসিন্দারা অবরোধ প্রত্যাহার করেন। তপনের বিডিও তীর্থঙ্কর ঘোষ বলেন, ব্লক প্রশাসনের প্রতিনিধিরা গিয়ে রাস্তাটি পরিদর্শন করেছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত রাস্তা নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ