টাকার ভাগ নিয়ে বিরোধ, পরিবারের চার সদস্যকে কুড়ুলের কোপে খুন
  • ২ মার্চ, ২০২৬ ১১:০৩
Prefer us on Google

লখনউ, ৩ মার্চ:  পারিবারিক আর্থিক বিরোধের জেরে মা-বাবা সহ পরিবারের ৪ জনকে এক সঙ্গে কুপিয়ে খুন করল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে  উত্তরপ্রদেশের বহরাইচ জেলার একটি গ্রামে। রবিবার গভীর রাতে এই নৃশংস ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

Advertisement

জমি ও গয়না বিক্রির টাকা  ভাগাভাগি নিয়ে রবিবার রাতে নিরঙ্কর (৩০) তার পরিবারের সঙ্গে তীব্র বচসায় জড়ায়। সেই বচসাই সময় গড়াতে ভয়ঙ্কর রূপ নেয়। টাকার ভাগ না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে আচমকা কুড়ুল নিয়ে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় নিরঙ্কর। এই হামলায় তাঁর বাবা বদলু রাম (৬০), মা সঞ্জু দেবী (৫৬), বোন পার্বতী (৪২) এবং ঠাকুমা সীতলা (৮০) গুরুতর জখম হন। পরে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। 

অভিযুক্তের দাদা নিরঙ্করের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তিনি জানান, নিরঙ্কর তাঁকেও কুড়ুল দিয়ে আঘাত করেন, এবং গুরুতর আহত হন। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। পুলিশের দাবি, ঘটনার সময় নিরঙ্কর নিজেকেও ইট দিয়ে একাধিকবার আঘাত করেন। ঘটনাস্থল থেকেই তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় স্থানীয় জেলা হাসপাতালে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে লখনউ এর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে জমি বিক্রির টাকা না পাওয়ায় অভিযুক্ত ক্ষুব্ধ ছিলেন। ঘটনায় ব্যবহৃত রক্তমাখা কুড়ুল উদ্ধার করা হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।