নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ওয়ার্ড বিন্যাস চূড়ান্ত। ওয়ার্ড সংখ্যা ৪৭ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬৩টিতে। রাজ্য নির্বাচন কমিশন এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করতেই শিলিগুড়ি পুরভোটে প্রার্থীপদের দৌড়ে নেমেছেন শাসকদল বিজেপির কার্যকর্তা থেকে কর্মীরা। ওয়ার্ড পিছু প্রার্থীপদের দাবিদার তিন থেকে চারজন। এনিয়ে দলে গোষ্ঠী কোন্দল বাঁধতে পারে বলে আশঙ্কা। তা সামাল দিতে নানা ফন্দি করছে পদ্ম শিবির। সমগ্র পরিস্থিতি নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছে জোর চর্চা।
শিলিগুড়ি পুরসভার প্রাক্তন বিরোধী দলনেতা তথা বিজেপির জেলা কমিটির সদস্য অমিত জৈন অবশ্য বলেন, রাজ্যে পালাবদলের পরই পুরভোটে প্রার্থী হওয়ার জন্য দলের কর্মীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। এজন্য ওয়ার্ডে ওয়ার্ডে নেতা-কর্মীরা গা ঘামাচ্ছেন। দলে কোন্দল বাঁধার কোনো সম্ভাবনা নেই। তবে সমস্তদিক খতিয়ে দেখে স্বচ্ছ, রাজনৈতিক কাজকর্ম সম্পর্কে অবহিত, জনসংযোগ নিবিড় এ ধরনের বাসিন্দাদেরই হয়তো প্রার্থী হিসাবে ঠিক করবে দল।
পুরসভার প্রাক্তন বিরোধী দলনেতা যাই বলুন না কেন ওয়ার্ডে ওয়ার্ডে পুরভোটের টিকিটের জন্য ‘ইঁদুর দৌড়ে’ নেমেছেন বিজেপির একাংশ। তাঁরা নিজেদের মতো করে এলাকায় কর্তৃত্ব কায়েমের চেষ্টা করছেন। কেউ সামাজিক কাজকর্ম করছেন। আবার কেউ কেউ বিভিন্ন ক্লাব ও পুজো কমিটিতে নেতৃত্ব দিয়ে নিজেদের তুলে ধরার চেষ্টা করছেন। অনেকে আবার পুরসভার কাজকর্ম তদারকি করছেন। সাফাই কর্মীদের পরিচালনা করছেন বলে অভিযোগ।
দলীয় সূত্রের খবর, গতবার পুরনির্বাচনে ৪৭টি ওয়ার্ডে প্রার্থী জোগাড় করতে গিয়ে হিমশিম খেতে হয়েছিল। একটি ওয়ার্ডে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে গিয়েছিল। সেখানে দলীয় কর্মী নির্দল হিসাবে লড়াই করেছিলেন। এবারের চিত্রটা অন্যরকম। ইতিমধ্যে ওয়ার্ড প্রতি তিন থেকে চারজন করে কর্মী প্রার্থীপদের দাবিদার। সেই তালিকায় প্রাক্তন কাউন্সিলার, গতবারের পরাজিত প্রার্থীরা, দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা-নেত্রী রয়েছেন। কাজেই, প্রার্থী তালিকা চূড়ান্ত করতে গিয়ে হিমশিম খেতে পারে দলীয় নেতৃত্ব।
বিজেপির এক শীর্ষ নেতা বলেন, গোলমাল যাতে না হয়, সেজন্যই ওয়ার্ড পিছু ওই সক্রিয় নেতা-কর্মীদের সম্পর্কে বিস্তারিতভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে। এরপরে প্রার্থীপদের দাবিদারদের কাছ থেকে জীবনপঞ্জি সংগ্রহ করা হবে। ডিসেম্বর মাসে কলকাতার ধাঁচে এখানেও দলীয় কার্যালয়ে বসানো হতে পারে ‘ড্রপবক্স’।
এদিকে, গত ৩ নভেম্বর ওয়ার্ড বিন্যাসের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে ৬৩টি ওয়ার্ডে চতুর সীমানা, ভৌগোলিক অবস্থান, বুথ সংখ্যা উল্লেখ রয়েছে। এখন ভোটার তালিকা ও আসন সংরক্ষণের প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। এমন প্রেক্ষাপটে বিজেপির এক জেলা নেতা বলেন, এখন জনসংযোগ চলছে। ছটপুজোর পর ময়দানে পুরোদমে নামা হবে।



