নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ফের শিলিগুড়ি শহরে বিহারের দুষ্কৃতীদের হানা। সোনার গয়না পরিষ্কারের নাম করে চুরি করে পালানোর কয়েক ঘণ্টার মধ্যে চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করল আশিঘর ফাঁড়ির পুলিস। যদিও তদন্তের স্বার্থে ও চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের উদ্দেশ্যে এখনই তাদের নাম জানাতে চাননি পুলিসের আধিকারিকরা। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের হায়দরপাড়ার নিউ পালপাড়ায়।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা অখিল পাল প্রতিদিনের মতো নিজের মুদিখানার দোকানে বসেছিলেন। সেই সময় দোকানে আসে দুই যুবক। তারা জানায়, ঘরের সামগ্রী ও গয়না পরিষ্কার করার কাজ করে। অখিলবাবু প্রথমে তাদের না বলে দেন। ওই যুবকরা সেখান থেকে চলেও যায়। কিছুক্ষণ পর তারা ফের দোকানে আসে। এবারে তাদের হাতে ছিল সাদা রঙের পাউডারের মতো কিছু পদার্থ। সেই পাউডার আচমকা অখিলবাবুর গলায় থাকা সোনার চেন ও হাতের আংটিতে লাগিয়ে দেয় তারা। এরপরেই অখিলবাবুকে বলা হয় পাউডার লাগিয়ে দেওয়ার পর গলায় ও হাতে সোনার গয়না পরে থাকলে জ্বালা শুরু হবে। অখিলবাবু ভয় পেয়ে সেগুলি খুলে দিতেই একটি প্লাস্টিকের প্যাকেটে সেগুলো রেখে দেয় তারা। এরপর আরও একটি প্যাকেট দোকানদারের হাতে দিয়ে কিছুক্ষণ পর সেটি খুলতে বলে তারা চলে যায়। কিছুক্ষণ পর সেই প্যাকেট খুলতেই অখিলবাবু দেখেন তাঁর সোনার চেন ও আংটি নেই। খবর দেওয়া হলে ভক্তিনগর থানার আধিকারিকরা এলাকায় পৌঁছে তদন্ত শুরু করেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে কিছুক্ষণের মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।
শিলিগুড়ি পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, আমরা ঘটনার পরেই তদন্তে নেমে চারজনকে গ্রেপ্তার করেছি।