নয়াদিল্লি: ভারতীয় ক্রীড়া প্রশাসনের অন্যতম বর্ণময় চরিত্র সুরেশ কালমাদির জীবনাবসান। বয়স হয়েছিল ৮১। দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। মঙ্গলবার পুনেতে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন ক্রীড়া প্রশাসক। দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন তিনি। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যও। ২০০৭ সালে ভারতে ফর্মুলা ওয়ান রেস আয়োজনে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ২০১০ দিল্লি কমনওয়েলথ গেমস আয়োজক কমিটির চেয়ারম্যানও ছিলেন। কিন্তু ওই প্রতিযোগিতা আয়োজন ঘিরে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। সিবিআইয়ের হাতে গ্রেপ্তারও হয়েছিলেন। পরে আর তিনি সক্রিয় রাজনীতি বা ক্রীড়াপ্রশাসনে ফেরেননি। সুরেশ কালমাদির প্রয়াণে শোকস্তব্ধ ক্রীড়ামহল।



