নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: তোলাবাজির অভিযোগে এবার গ্রেপ্তার করা হল গোঘাটের প্রাক্তন প্রধান তথা তৃণমূল নেতা গিয়াসুদ্দিন খানকে। সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গিয়াসুদ্দিন তৃণমূলের গোঘাট-২ ব্লকের শ্যামবাজার অঞ্চলের সভাপতিও ছিলেন। পাশাপাশি ওই পঞ্চায়েতের প্রধানের দায়িত্বও সামলেছেন। অভিযোগ, পার্টির ক্ষমতাবলে এলাকায় তোলাবাজি, মারধর, কাটমানি নেওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ভোটের ফল প্রকাশের পর তাঁর বাড়িতে কাটমানির টাকা ফেরত দেওয়ার দাবিতে পোস্টার পড়ে ও বিক্ষোভ দেখানো হয়। ইতিমধ্যেই পুলিশ তাঁর দাদা তৃণমূল নেতা সাহাবুদ্দিন খানকেও বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করেছে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এবার তাঁর ভাই গিয়াসুদ্দিনকেও পুলিশ গ্রেপ্তার করল। মঙ্গলবার ধৃতকে আরামবাগ মহকুমা আদালতে তোলার সময় তিনি সংবাদমাধ্যমে বলেন, প্রধান হয়ে এলাকার মানুষের উপকার করেছি। রাজনৈতিক প্রতিহিংসার জেরে আমাকে ফাঁসানো হয়েছে। আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যে। এখন উপকারের ফল পাচ্ছি।



