সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুরে তৃণমূলের এক প্রাক্তন কাউন্সিলারের দাদার বিরুদ্ধে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। যুবতীর পরিবারের লোকজন সহ এলাকাবাসী অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার কোকওভেন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান।

বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্ত ওই ব্যক্তি আগেও অন্যান্য মহিলাদের সঙ্গে নোংরা আচরণ করেছে। তাই তাঁকে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশের আশ্বাসে বিক্ষোভ ওঠে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা যুবতী সিটিসেন্টারে একটি দোকানে কাজ করেন। তাঁর অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় তাঁর কাজের ছুটির সময় চারচাকা গাড়ি নিয়ে অভিযুক্ত ওই ব্যক্তি হাজির হয়। সে বিশেষ প্রয়োজন আছে বলে, ওই যুবতীকে তাঁর চারচাকা গাড়ি করে নিয়ে যায়। এরপর গাড়ির ভিতরে তাঁর শ্লীলতাহানি করে। কান্নাকাটি করলে তাঁকে এলাকায় ছেড়ে দেয়। যুবতী সম্পূর্ণ ঘটনা পরিবারের লোকজনকে জানান। তাঁরা বুধবার রাতে কোকওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এদিন বিকেলে পরিবারের লোকজন ও ক্ষুব্ধ বাসিন্দারা অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী নির্যাতিতার মা ও বাসিন্দারা বলেন, এলাকায় ও একপ্রকার দাদাগিরি করে চলেছে। এর আগেও বহু মহিলার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। আমরা তার কঠোর শাস্তি চাই। থানার ওসি বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে।