খুনের হুমকি দিয়ে টাকা দাবি, শ্রীরামপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার পিন্টু নাগ ধৃত
  • ২৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: শ্রীরামপুর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলার পিন্টু নাগকে গ্রেপ্তার করল পুলিশ। পুরানো একটি অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করে হেপাজতে নিয়েছে শ্রীরামপুর পুলিশ। ২০১৭ সালে পোর্ট ট্রাস্টের উঠতি ফুটবলার তথা শ্রীরামপুরের তারাপুকুরের বাসিন্দা স্নেহাশিস ওরফে রাজা দাশগুপ্তের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় মৃতের পরিবার পিন্টুর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছিল। ২০২১ সালে সেই মামলায় পিন্টু সহ আটজনকে নির্দোষ ঘোষণা করে আদালত। সম্প্রতি সেই বিষয়ে মৃতের পরিবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন। অতীতে মামলা করার কারণে টাকা দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ দায়ের হয়। তারপর পিন্টুকে ফের গ্রেপ্তার করা হয়।

Advertisement

এই ঘটনাকে ঘিরে শ্রীরামপুরের রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। পিন্টু নাগ তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের দাবি তুলেছেন। তৃণমূলের হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তথা চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার বলেন, কী হচ্ছে, কেন হচ্ছে, তা সবাই বুঝতে পারছেন। যথাসময়ে মানুষ সব কিছুর জবাব দেবেন। এদিকে, নতুন করে পিন্টুকে পুলিশি তদন্তের আওতায় আনায় খুশি রাজার পরিবার। বৃহস্পতিবার রাজার বাবা দোলন দাশগুপ্ত বলেন, ছেলের খুনের যোগ্য বিচারের দাবিতে আজও আমরা সরব। আমার ছেলেকে খুন করে রেল স্টেশনে ফেলে রেখে প্রভাবশালীরা ভিন্ন গল্প সাজিয়েছিল। অতীতে আইনের ফাঁক গলে অপরাধীরা ছাড়া পেয়ে গিয়েছে। এবার যাতে তা না হয়, সেই লক্ষ্যেই লড়াই করব। মৃতের মা রিঙ্কুদেবী বলেন, অভিযুক্তরা সম্প্রতি আমাদের বাড়িতে হামলা চালায়। আমাদের প্রাণনাশের হুমকি দেয়। ২০ লক্ষ টাকাও দাবি করেছিল। আমরা পুলিশের দ্বারস্থ হয়েছিলাম। পুলিশ পদক্ষেপ করায় আমরা খুশি। অতীতে সঠিক তদন্ত হয়নি। আমরা যোগ্য বিচার চাই।
স্থানীয় ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে দুর্গাপুজোর নবমীর রাতে স্থানীয় একটি মণ্ডপে প্রতিমা দর্শনে গিয়েছিলেন উঠতি ফুটবলার রাজা। সেখানে কয়েকজন যুবকের সঙ্গে তাঁর বচসা হয়। অভিযোগ, সেই যুবকরা রাতে তাঁর বাড়িতে হামলা চালায় ও মারধর করে। রাজার পরিবারের দাবি, সেই সময় তাঁকে খুন করে রেল স্টেশনে ফেলে দিয়ে আসে অভিযুক্তরা। ওই ঘটনায় শ্রীরামপুর পুরসভার দাপুটে কাউন্সিলার পিন্টু নাগের নাম জড়িয়েছিল। এবার ভিন্ন অভিযোগে পিন্টুকে গ্রেপ্তার করা হলেও পুরানো ঘটনাকেও তদন্তের আওতায় আনা হবে। এমনটাই মনে করছেন আইনজ্ঞরা।