নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বছর গড়ালেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন। তার আগেই বিজেপির অন্দরের কোন্দল প্রকাশ্যে আসছে। এবার বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে মুখ খুললেন দলের মহিলা মোর্চার প্রাক্তন সহ সভানেত্রী পুতুল যোশী। শনিবার একটি ফেসবুক পোস্টে তিনি জেলা সভাপতির বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ তোলেন। তাঁর অভিযোগ, চারবারের জেলা সভাপতি তৃণমূলের সঙ্গে সেটিং করে দলকে শেষ করছেন। একই অভিযোগ তুলে ধরা হয়েছে দলের মহিলা মোর্চার সভানেত্রী রশ্মি দের বিরুদ্ধেও। রাজ্যের শাসকদল তৃণমূলের সঙ্গে দলের সভাপতির আঁতাতের প্রমাণ দিতে ফেসবুক পোস্টে একটি স্ক্রিনশট পোস্ট করেছেন। তাতে স্পষ্ট দেখা যাচ্ছে, জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতার পারিবারিক ছবিতে ধ্রুব সাহা ‘লাভ রিয়াক্ট’ দিয়েছেন।
তৃণমূলের দাবি, এটা বিজেপির শেষের শুরু। যদিও এবিষয়ে ধ্রুব সাহার কোনও মন্তব্য পাওয়া যায়নি। একাধিকবার ফোন এবং মেসেজ করা হলেও উত্তর মেলেনি। তবে, রশ্মি দে বলেন, ওঁর কথার কোনও ঠিক নেই। একসময় ওঁকে (পুতুল যোশী) সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে ঠিকমতো কাজ না করে দলের উনি অভ্যন্তরে অশান্তি পাকাচ্ছিলেন। তার জেরে ছ’মাস বাদেই তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবার প্রয়োজনে আগামীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সম্প্রতি রাজ্যজুড়ে বিজেপির জেলা সভাপতি পদে বদল হয়। তবে বীরভূম সাংগঠনিক জেলায় পুরনো মুখেই আস্থা রেখেছে পদ্ম শিবির। এব্যাপারে দলেরই মহিলা মোর্চার প্রাক্তন সহ সভানেত্রী তাঁর বিরুদ্ধে সরব হলেন। শুধুমাত্র দল বিরোধী কাজ নয়। বিগত নির্বাচনে জেলায় দলের খারাপ ফলাফলের জন্য তাঁকে কাঠগড়ায় তুলেছেন। সেইসঙ্গে তাঁর সম্পত্তির হিসেব নিয়েও সমাজমাধ্যমে প্রশ্ন তুলেছেন। দলের রাজ্য সভাপতির দৃষ্টি আকর্ষণ করে কেন্দ্রীয় সংস্থা ইডি ও সিবিআইকে দিয়ে ধ্রুব সাহার সম্পত্তির তদন্তের দাবি করেছেন। একইভাবে মহিলা মোর্চার সভানেত্রীর সম্পত্তির তদন্ত করার কথা স্পষ্ট করেছেন। ছাব্বিশের নির্বাচনের প্রাক্কালে দলেরই একনিষ্ঠ কর্মী তথা প্রাক্তন পদাধিকারীর এহেন পোস্ট প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়েছে পদ্ম শিবির।
অভিযোগকারী পদ্মনেত্রী পুতুল বলেন, এরা দলেরই ক্ষতি করছে। সত্যি কথা বলতে আমি ভয় পাই না। দলের স্বার্থে জেলা সভাপতি পদে বদল প্রয়োজন। অন্যথায় আগামী নির্বাচনেও ফল খারাপ হবে। দলে যারা কাজ করতে চাইছেন তাঁদের বসিয়ে রাখা হচ্ছে। ওঁরা তৃণমূলের সঙ্গে আঁতাত করবেন আর সাধারণ কর্মীরা খুন হবেন, সেটা আমি মেনে নিতে পারব না।
যদিও পদ্ম শিবিরের অর্ন্তকলহ প্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, এটা বিজেপির বিষয়। তবে বেশকিছু দিন ধরে আমরা লক্ষ্য করছি, গোটা জেলায় বিজেপির ছন্নছাড়া অবস্থা। একে অপরের বিরুদ্ধে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করে চলেছেন। বিভিন্নভাবে সরকারের কাছে আবেদন জানাচ্ছেন, যাতে তাঁদের নেতাদের বিরুদ্ধে তদন্ত করা হয়। দলেরই কেউ যখন অভিযোগ আনেন, তখন তার কিছু সারবত্তা নিশ্চয়ই থাকে।