Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তেরঙ্গা যাত্রায় টাকা চেয়ে সৌমিত্রকে বিড়ম্বনায় ফেললেন প্রাক্তন মন্ত্রী

তেরঙ্গা যাত্রায় টাকা চেয়ে সৌমিত্রকে বিড়ম্বনায় ফেললেন প্রাক্তন মন্ত্রী
  • ২৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: বৃহস্পতিবার বিষ্ণুপুরে বিজেপির তেরঙ্গা যাত্রা কর্মসূচির সময় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে বিড়ম্বনায় ফেললেন প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এদিন ওই কর্মসূচি চলাকালীন তিনি বিজেপির সাংসদের কাছে পাওনা টাকা চেয়ে বসেন। সেই ভিডিও ভাইরাল হতেই গুঞ্জন ছড়ায়। যদিও কিসের টাকা তা নিয়ে দু’জনের কেউই খোলসা করেননি।

Advertisement

এদিন বিষ্ণুপুরে বিজেপি সাংসদ সৌমিত্রবাবুর নেতৃত্বে তেরঙ্গা যাত্রা কর্মসূচি হয়। শহরের কলেজ রোডে দলের পার্টি অফিস থেকে যাত্রা শুরু হয়। তা রবীন্দ্র স্ট্যাচু, গোপালগঞ্জ, চকবাজার হয়ে পুনরায় পার্টি অফিসে শেষ হয়। মিছিল স্টেডিয়ামের কাছে পৌঁছতেই সৌমিত্র মিছিল থেকে বেরিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদবাবুর কাছে যান। তাঁকে প্রণাম করেন। কুশল বিনিময় করেন। ওই সময়েই শ্যামাপ্রসাদবাবু সৌমিত্রর উদ্দেশে বলেন, কিরে তোর পাত্তা পাওয়া যাচ্ছে না যে। তোর কাছে কিছু টাকা পয়সা পাব। সেটা দিয়ে দে। ওই কথা বলার মাঝেই সৌমিত্র আবার মিছিলে ঢুকে পড়েন। তবে প্রাক্তন মন্ত্রী বর্তমান সাংসদের কাছে কিসের টাকা পাবেন, তা নিয়ে শহরে বেশ গুঞ্জন ছড়ায়। শ্যামাপ্রসাদবাবু বলেন, ওর কাছে কিছু টাকা পাওনা আছে। সেটাই চেয়েছি।
যদিও সৌমিত্র বলেন, শ্যামবাবু প্রবীণ রাজনীতিবিদ। তাঁর সঙ্গে দেখা হয়েছিল। কুশল বিনিময় করলাম। কিন্তু, উনি ভিড়ের মাঝে টাকা চেয়েছেন কি না, তা বলতে পারব না। তাছাড়া উনি আমার কাছে কোনও টাকা পাবেন বলে আমার জানা নেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ