Bartaman Logo
১০ জুন, ২০২৬

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন প্রয়াত, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন। পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনে তাঁর অবদান ছিল অপরিসীম। দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) প্রতিষ্ঠাতা।

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন প্রয়াত, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
  • ৪ আগস্ট, ২০২৫ ১০:০৮
Prefer us on Google

নয়াদিল্লি: প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন। পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনে তাঁর অবদান ছিল অপরিসীম। দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) প্রতিষ্ঠাতা। গত এক মাসেরও বেশি সময় চিকিৎসা চলছিল দিল্লির গঙ্গা রাম হাসপাতালে। সোমবার সকালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮১ বছর। 

Advertisement

এক্স পোস্টে শিবু সোরেনের মৃত্যু সংবাদ জানিয়েছেন তাঁর পুত্র ও ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তিনি লিখেছেন, ‘শ্রদ্ধেয় দিশম গুরু আমাদের সবাইকে ছেড়ে পরলোক গমন করেছেন। আজ আমি নিঃস্ব হয়ে গেলাম।’ শিবু সোরেনের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃণমূল স্তর থেকে উঠে আসা এই রাজনীতিকের আদিবাসীদের উন্নয়নে উদ্যোগের কথা বিশেষভাবে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী।
ভারতীয় রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব শিবু সোরেন। টানা চার দশকেরও বেশি সময় নিজের দল জেএমএমকে একা হাতে নেতৃত্ব দিয়েছেন এই আদিবাসী নেতা। সাধারণ মানুষের মধ্যে বেশি জনপ্রিয় ছিলেন ‘দিশম গুরু’ বা মহান নেতা ও ‘গুরুজি’ নামে। তিন বার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন। নানা সময়ে সামলেছেন কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্বও। তবে শারীরিক কারণে সাম্প্রতিক বছরগুলিতে সক্রিয় রাজনীতি থেকে সরে এসেছিলেন শিবু সোরেন। জুন মাসের শেষ সপ্তাহে কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় গত শনিবার তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়েছিল। তখন থেকেই উদ্বেগ বাড়ছিল গুরুজির ভক্তদের মধ্যে। সকাল ৮টা ৫৬ মিনিটে শিবু সোরেন শেষনিঃশ্বাস ত্যাগ করেন বলে সোমবার বুলেটিনে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement
সম্পর্কিত সংবাদ