নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাক্তন আইপিএস অফিসারদের ‘অফিসার অন স্পেশাল ডিউটি’ (ওএসডি) পদে পুনর্নিয়োগ ঘিরে কর্মরত আইপিএসদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের এক সূত্র জানাচ্ছে, সোমবার দুপুরে রাজ্য পুলিশের সাইবার ক্রাইম সেলের মাথায় কর্মরত এডিজি অশোক প্রসাদকে টপকে প্রাক্তন ডিজি সঞ্জয় সিংকে বসানোর জেরে সমস্যার সূত্রপাত। এর ফলে সাইবার সেলে কর্মরত এক এডিজিকে অবসরপ্রাপ্ত ডিজির কাছে রিপোর্ট করতে হবে! এ নিয়ে এরাজ্যে কর্মরত আইপিএসদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
ঘটনার সূত্রপাত সোমবার সকালে। রাজ্য পুলিশের এক শীর্ষকর্তার মৌখিক নির্দেশে নিউটাউনে সাইবার ক্রাইম সেলে ‘ওএসডি’ হিসাবে দায়িত্বভার বুঝে নিতে যান প্রাক্তন ডিজি সঞ্জয় সিং। কিন্তু সেখানে সাইবার সেলের এডিজি অশোক প্রসাদ তাঁকে চেম্বার এবং দায়িত্বভার হস্তান্তর করতে রাজি হননি বলে অভিযোগ। কারণ, এই ব্যাপারে তাঁর কাছে কোনো সরকারি নির্দেশিকা ছিল না। এতেই ক্ষুব্ধ হয়ে সঞ্জয় সিং ফিরে আসেন।
এরপরই ডিজির নির্দেশে তড়িঘড়ি আইজি (পার্সোনেল) ভি সলোমন নেসাকুমার একটি সরকারি নির্দেশিকা জারি করেন। তাতে এডিজি সাইবার ক্রাইম সেলের মাথায় ওএসডি হিসাবে প্রাক্তন ডিজি সঞ্জয় সিংকে বসানোর কথা জানিয়ে দেওয়া হয়। এমনকি ওএসডি সঞ্জয় সিং এখন থেকে কর্মরত এডিজি সাইবার সেলকে অ্যাসাইনমেন্ট দেবেন! এই নির্দেশিকা জারির পর বেজায় চটেছে কর্মরত আইপিএস মহল। তারা এই নির্দেশিকার আইনি বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছে।
উল্লেখ্য, এরাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তৃণমূল আমলে নিযুক্ত প্রায় সাড়ে চারশো ওএসডির চাকরি এক ধাক্কায় বাতিল বলে নির্দেশিকা জারি করেছিল। বিজেপি সরকার নীতিগতভাবে ঘোষণা করেছিল যে, প্রাক্তন অফিসারদের তারা পুনর্নিয়োগ দেবে না। কিন্তু নিজেদেরই সেই ঘোষিত নীতি নিজেরা না-মানায়, নীচুতলার পুলিশ মহলেও ক্ষোভ বাড়ছে।



