নিজস্ব প্রতিনিধি, তমলুক: দুই প্রতিবেশী বৃদ্ধার নামের মিল থাকায় মৃতের বদলে জীবিত বৃদ্ধার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল। রবিবার ‘বর্তমান’এ এনিয়ে খবর প্রকাশিত হতেই ছুটির দিনেও বিএলওকে ডেকে ৬৫বছরের রোকেয়া বেগমের নাম ভোটার তালিকায় তোলার জন্য ফর্ম-৬ দেওয়া হল। এই ঘটনায় রোকেয়ার উদ্বেগ ও উৎকণ্ঠারও অবসান ঘটল। শহিদ মাতঙ্গিনী ব্লকের অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার(এইআরও) অলোককুমার মান্না বলেন, খারুই ৪৩নম্বর বুথের বিএলও সোনারানি জানা দত্তকে ডেকে ফর্ম-৬ তুলে দেওয়া হয়েছে। ওই ফর্ম রোকেয়ার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। ৯ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। সেখানেই রোকেয়ার নাম উঠে যাবে।
হামেদ মল্লিক ও মইবুল একে অপরের প্রতিবেশী। হামেদের স্ত্রী ৮১বছরের রোকিয়া বিবি এক বছর আগে মারা গিয়েছেন। মারা যাওয়ার পর তাঁর ডেথ সার্টিফিকেটের কপি পঞ্চায়েতে জমা পড়েছে। সেই কপি বিএলওর কাছে পৌঁছয়। হামেদ মল্লিকের প্রতিবেশী মইবুলের স্ত্রীর নাম রোকেয়া বেগম। পুরনো ভোটার তালিকায় মৃত রোকিয়ার ক্রমিক নম্বর ৮৫২। অপরদিকে, লিস্টে রোকেয়ার ক্রমিক নম্বর ৮৫৮। সম্প্রতি দেখা যায়, ভোটার তালিকায় জীবিত রোকেয়ার নাম নেই। তাঁর নামে ইউনিউমারেশন ফর্মও আসেনি। যদিও মারা যাওয়া রোকিয়া বিবির নাম আছে। ইনিউমারেশন ফর্মও এসেছে। ওই বুথের বিএলও প্রায় ছ’দিন আগে মৃত রোকিয়া বিবির ইউনিমারেশন ফর্ম নিয়ে রোকেয়ার বাড়িতে হাজির হন। পরিবারের লোকজন ফর্মে মৃত রোকিয়ার ছবি দেখে ফর্ম ফিরিয়ে দেন। খোঁজ নিয়ে দেখা যায়, রোকেয়ার নাম ভোটার তালিকাতেই নেই। নাম বিভ্রাটে রোকিয়ার জায়গায় রোকেয়ার নাম তালিকা থেকে বাদ পড়েছে। বিষয়টি পঞ্চায়েতে জানানো হয়। ব্লক প্রশাসনের নজরেও আসে। সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই জেলা প্রশাসন থেকে অবিলম্বে রোকেয়ার কাছে ভোটার তালিকায় নাম তোলার জন্য ফর্ম-৬ পৌঁছে দেওয়ার নির্দেশ পাঠানো হয়।