নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিদেশি মুদ্রা বিনিময়ের নামে অনিয়ম ও আর্থিক তছরুপের মামলায় কলকাতাসহ দুটি রাজ্যে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার সকাল থেকেই নিউ আলিপুর ও বালিগঞ্জে দুই ব্যবসায়ীর বাড়ি এবং অফিসে একযোগে হানা দেন কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা। সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে লেনদেনের নথি। দিল্লি ও বেঙ্গালুরুতেও একই মামলায় একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানির অফিস ও ডিরেক্টরদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। জানা গিয়েছে, ওই ব্যবসায়ীরা কোম্পানি খুলে বিপুল টাকা ঋণ নেন ব্যাংক থেকে। এরপর কোম্পানিকে দেউলিয়া ঘোষণা করে দেন। অভিযোগ এই টাকা বিদেশে পাচার করা হয়েছে। সেই মামলার তদন্তে এই তল্লাশি।



