নিজস্ব প্রতিনিধি, বারাসত: পুলিশের সঙ্গে এনকাউন্টারে রাজ্যে পাঁচজনের মৃত্যু নিয়ে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। মঙ্গলবার অশোকনগরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে পুলিশের অস্ত্র ব্যবহার নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি। মন্ত্রীর কথায়, পুলিশের কাছে বন্দুক অলঙ্কার নয়। এটা ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। এতদিন তো ওঁরা টেবিলের নীচে তলায় ছিলেন। এখন বন্দুকের সদ্ব্যবহার হয়েছে। তবে, এনকাউন্টার শব্দটি সরাসরি উচ্চারণ না করলেও আগামী দিনে অন্যায়ের বিরুদ্ধে কোনো আপস করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। এ দিন দুপুরে অশোকনগরের রকেট মোড় এলাকায় একটি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন তিনি। অন্যদিকে, পানিহাটিতে বিজেপি কর্মী খুনের পর বিধায়ক তথা অভয়ার মা রত্না দেবনাথের বক্তব্য ঘিরে দলের অন্দরে বিতর্ক তৈরি হয়েছে। তাঁর দল ছাড়ার জল্পনাও ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। এই প্রসঙ্গে শারদ্বত বলেন, মিস কমিউনিকেশন হয়েছে। এরকম কিছু বিষয় নয়। পানিহাটির বিধায়কের বক্তব্য সম্পর্কে আমি অবগত ছিলাম না। কেন বলেছেন, সেটা রত্না দেবনাথ ভালো বলতে পারবেন। শেষে তিনি বলেন, জনগণের রায়ে বিজেপি ২০৯টি আসন জিতেছে। জনগণের রায়কে অসম্মান করা মেনে নেওয়া যায় না।



