সল্টলেকে ফুটব্রিজের বেহাল দশা, ক্ষোভ, একটি আবর্জনায় ভর্তি, অন্যটিতে নেই আলো
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: খালের উপর হেঁটে পারাপার করার জন্য তৈরি করা হয়েছিল ফুটওভার ব্রিজ। কিন্তু নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে সেই ব্রিজ দিয়ে এখন হাঁটাচলাই দায় হয়ে দাঁড়িয়েছে। একটি ব্রিজে ওঠার মুখে পড়ে থাকে আবর্জনা। অন্যটিতে অন্ধকার দূর করতে পর্যাপ্ত আলো পর্যন্ত নেই। সেক্টর ফাইভ সংলগ্ন সল্টলেক এ এল-বি এল ব্লক ক্রসিংসের কাছে ফুটওভার ব্রিজের এমনই বেহাল দশা। ২০৬ ব্রিজের অবস্থাও তথৈবচ। 

Advertisement

আবর্জনা না ফেলা সংক্রান্ত একটি বোর্ড এ এলে ঝুলিয়েছিল নগরোন্নয়ন দপ্তর। কিন্তু গাছের ডালপালায় সেই বোর্ড ঢাকা পড়েছে। স্থানীয়দের বক্তব্য, ব্রিজের পাশে খালপাড়ে প্রচুর খোলা জায়গা আছে। জায়গাটি সাফসুতরো রাখার দায়িত্ব প্রশাসনের। কিন্তু দেখভাল করা হয় না বলে আবর্জনা জমে। হাঁটচলা করা যায় না। বহু মানুষ সকালে হাঁটতে পারেন এখানে। কিন্তু অপরিষ্কার থাকার কারণে তা হয় না।
সেক্টর ফাইভের দিক থেকে সল্টলেকে ঢোকার মুখেই পড়ে এ এল-বি এল ব্লকের ক্রসিং। চার মাথা এই ক্রসিংয়ের দু’দিকে আছে দু’টি ফুটওভার ব্রিজ। তার মধ্যে বাঁদিকের ফুটওভার ব্রিজের দশা বেহাল। লোহার গ্রিল দিয়ে ঘেরা একটি বাগানও ছিল। কিন্তু সেটি তালা দিয়ে রাখা। ভর্তি আবর্জনায়। ব্রিজে ওঠার মুখের রাস্তার পাশে প্রচুর নোংরা ও আবর্জনা জমে। সেক্টর ফাইভের দিকের মুখে বসার চেয়ার আছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ব্রিজের সামনেই অনেকে আবর্জনা ফেলেন। তাই এই অবস্থা। পুরসভা মাঝে মাঝে সাফ করে। তার কিছুক্ষণ পর আবার একই অবস্থা হয়ে যায়। এক বাসিন্দা বলেন, চার মাথার ক্রসিংয়ের সামনে রিকশ দাঁড়িয়ে থাকে। গ্রিলের ভিতরের অংশটি পরিষ্কার করলে যাত্রীরা দাঁড়াতে পারেন। প্রশাসনের দাবি, সাফ করা হয়। আবর্জনা জমে গেলে আবার করা হবে। রক্ষণাবেক্ষণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে সল্টলেকের ২০৬ নম্বর বাস স্ট্যান্ডের খালপাড়ে আরও একটি ফুটওভার ব্রিজ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই ব্রিজটি বহু মানুষ ব্যবহার করেন। বাস্ততম এলাকা। ব্রিজে আলো নেই। ডুবে থাকে অন্ধকারে। ফলে আলোর অভাবে সন্ধ্যা নামলেই সমস্যা দেখা দেয়। অবিলম্বে আলো লাগানোর দাবি তুলেছেন তাঁরা। - নিজস্ব চিত্র