Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

স্টিয়ারিংয়ে পা, গাড়ি চালিয়ে চমক শীতলের

স্টিয়ারিংয়ে পা, গাড়ি চালিয়ে চমক শীতলের
  • ২৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: জন্ম থেকেই দু’হাত নেই। তাই পা দিয়েই অসাধ্য সাধনে বিশ্ববাসীর মন জিতেছেন জম্মু ও কাশ্মীরের তরুণী তিরন্দাজ। প্যারিস প্যারালিম্পিকসে ব্রোঞ্জ জিতে শীতল দেবী প্রমাণ করে দিয়েছিলেন, চেষ্টা থাকলে কোনও কিছুই অসম্ভব নয়। ফের চমক দিলেন ১৮ বছরের শীতল। তবে এবার তিরন্দাজির রেঞ্জে নয়, রাজপথে গাড়ি চালিয়ে। সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন সেই ভিডিও। শারীরিক প্রতিবন্ধকতার তোয়াক্কা না করে ডান পায়েই নিয়ন্ত্রণ করেছেন স্টিয়ারিং হুইল। নিমেষেই ভাইরাল সেই ভিডিও।

Advertisement

প্রত্যন্ত গ্রামে জন্ম। অভাবী পরিবার। তার উপর দিব্যাঙ্গজন কন্যা। শত প্রতিকূলতা সত্ত্বেও চাপা পড়ে থাকেনি শীতলের লক্ষ্যভেদের প্রতিভা। ১২ বছর বয়সে পায়ে তুলে নেন তির-ধনুক। বাকিটা রূপকথাই। মাত্র তিন বছরের সাধনায় মোক্ষলাভ। ২০২২ এশিয়ান প্যারা গেমসে দু’টি সোনা ও রুপো জিতে সবাইকে অবাক করে দেন শীতল। পরের বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো। কয়েক দিনের মধ্যে এশিয়ান চ্যাম্পিয়নশিপেও তাঁর গলায় ওঠে একটি সোনা ও একটি রুপোর পদক। আর সবচেয়ে বড় সাফল্য ২০২৪ প্যারিস প্যারালিম্পিকসে। মিক্সড ইভেন্টে রাকেশ কুমারের সঙ্গে জুটি বেঁধে নিশ্চিত করেন ব্রোঞ্জ। তবে তিরন্দাজির রেঞ্জের বাইরেও যে তিনি অদম্য, তার প্রমাণ মিলল দক্ষ ড্রাইভিংয়ে। কাশ্মীরের ছবির মতো সুন্দর রাস্তায় সাঁই সাঁই করে ছুটল হাতহীন চালকের গাড়ি। ডান পায়েই প্রয়োজন মতো স্টিয়ারিং ঘোরালেন অনায়াসে। মাঝেমধ্যে মুচকি হাসিতে ঝরে পড়ল প্রবলতম আত্মবিশ্বাস, যা তাঁর জীবনের মূল চালিকাশক্তি। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওর ক্যাপশনেও তারই প্রতিফলন— ‘চালকের আসনে কিছুক্ষণ। দারুণ উপভোগ্য মুহূর্ত। অসম্ভব বলে কিছু নেই!’

Advertisement
সম্পর্কিত সংবাদ